সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সাবেক এমপি আব্দুল মান্নান তালুকদারের গাড়িতে হামলা ও হত্যাচেষ্টা মামলায় সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও তাড়াশ ডিগ্রী কলেজের অধ্যক্ষ মনিরুজ্জামান মনিকে গ্রেপ্তার করেছে র্যাব।
সোমবার (২১ অক্টোবর) দুপুরে ঢাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এরপর মঙ্গলবার (২২ অক্টোবর) সকালে তাড়াশ থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে। পুলিশ এদিন দুপুরে তাকে আদালতে পাঠায়।
জানা যায়, মনিরুজ্জামান মনি তাড়াশ উপজেলা পরিষদের দুইবারের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন ও আওয়ামী লীগের তাড়াশ উপজেলা শাখার বিগত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। গত ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের পর বারুহাস ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আসাদুজ্জামান তাড়াশ থানায় বাদী হয়ে ৯৯ জনের নাম উল্লেখসহ ৩০০ জনকে অজ্ঞাত আসামি করে একটি মামলা দায়ের করেন। এই মামলার এজাহারনামীয় আসামি তিনি।
এ বিষয়ে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী আব্দুল মান্নান তালুকদারের নির্বাচনি প্রচারণা সভায় তার গাড়ি বহরে হামলা চালিয়ে হত্যাচেষ্টা চালানোয় দায়ের করা মামলায় তিনি এজাহারনামীয় আসামি। র্যাব ওই মামলাতেই তাকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে।
তিনি আরও বলেন, পরে মঙ্গলবার সকালে তাকে থানায় হস্তান্তর করা হয়। এরপর তাকে আদালতে পাঠানো হয়েছে।