রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যুতে এখন রাজনৈতিক অঙ্গনে অস্থিরতা বিরাজ করছে। রাষ্ট্রপতিকে তার পদ থেকে সরিয়ে দেয়ার দাবিতে ইতোমধ্যেই শক্ত অবস্থান নিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। তাদের পাশাপাশি ইনকিলাব মঞ্চ, রক্তিম জুলাই, ফ্যাসিবাদ বিরোধী ছাত্র-জনতার মঞ্চসহ তাদের সমমনা বেশ কয়েকটি সংগঠন বঙ্গভবনের রাস্তা অবরোধ করে মঙ্গলবার গভীর রাত পর্যন্ত বিক্ষোভ করেছে।
আজ বুধবার এই ইস্যুতে কথা বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, ‘রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি।’ এদিকে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন বিএনপির নেতাকর্মীরাও।
বিএনপি দুই নেতার বক্তব্যের ছবি শেয়ার করে হাসনাত আবদুল্লাহ নিজের ফেসবুক পেজে লিখেছেন, ‘ফ্যাসিবাদের বিরুদ্ধে ও গণতন্ত্রের পক্ষে বিএনপির দীর্ঘ লড়াইয়ের ইতিহাস রয়েছে। বর্তমান ২৪ পরবর্তী বাংলাদেশে ৭২-এর সংবিধান বাতিল ও রাষ্ট্রপতির পদচ্যুতির বিষয়ে বিএনপির অবস্থান স্পষ্ট করতে হবে। নিচের কোন বক্তব্যকে আমরা বিএনপির বক্তব্য হিসেবে ধরবো?
তিনি ফেস দ্যা পিপল নিউজের একটি ফটোকার্ড শেয়ার করেছেন। যেখানে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ‘রাষ্ট্রপতিকে বিদায় না করলে দেশে সুষ্ঠু নির্বাচন হবে না।’ এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ বলেছেন, ‘রাষ্ট্রপতির অপসারণ চায় না বিএনপি।’