বঙ্গভবন ও পার্শ্ববর্তী এলাকায় আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালনকালে আহত পুলিশ সদস্যদের দেখতে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল (সিপিএইচ) পরিদর্শন করেছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম। এ সময় তার সঙ্গে ছিলেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মো. মাইনুল হাসান।
পুলিশ হাসপাতাল পরিদর্শনের বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপি জনসংযোগ শাখার উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান। তিনি বলেন, বুধবার সকাল ১০টায় আইজিপি চিকিৎসাধীন আহত পুলিশ সদস্যদের দেখতে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে যান। এ সময় রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক (ডিআইজি) শেখ মো. রেজাউল হায়দার এবং পুলিশ হেডকোয়ার্টার্স ও ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে বুধবার দিবাগত রাত দুইটায় ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসান আহত পুলিশ সদস্যদের দেখতে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে যান। এ সময় ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) ফারুক আহমেদ; অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. ইসরাইল হাওলাদার ও ডিএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
পরিদর্শনের সময় আইজিপি ও ডিএমপি কমিশনার আহত পুলিশ সদস্যদের চিকিৎসার খোঁজখবর নেন এবং যথাযথ চিকিৎসা নিশ্চিতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।
এর আগে গতকাল মঙ্গলবার (২২ অক্টোবর) বঙ্গভবন ও পার্শ্ববর্তী এলাকায় নিরাপত্তার দায়িত্ব পালনকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ২৫ জন সদস্য আহত হন। তাদের মধ্যে ৯ জন আহত অবস্থায় কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং আহত অন্য ১৬ জন প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়েছেন।