রিশাদ বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যৎ: মুশতাক আহমেদ

আপডেট : ২৩ অক্টোবর ২০২৪, ০৪:৫৮ পিএম

বৃষ্টি আর মেঘলা আকাশে ঢাকা টেস্টের তৃতীয় দিনের খেলা বেশিক্ষণ হলো না। নির্ধারিত সময়ের অনেক আগেই দিনের খেলার সমাপ্তি টানা হয়। বাংলাদেশ দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসেন স্পিন কোচ মুশতাক আহমেদ। পাকিস্তানের কিংবদন্তি লেগ স্পিনারের কাছে স্বাভাবিকভাবেই প্রশ্ন যায় রিশাদ হোসেনকে নিয়ে।

বাংলাদেশের ক্রিকেটে লেগ স্পিনারের অভাব চিরকালের। মাঝেমধ্যে দু-একজন আসলেও নিজেদের প্রমাণ করে টিকে থাকতে পারেননি। সাম্প্রতিক সময়ে রিশাদকে নিয়েই সেই স্বপ্ন দেখা হচ্ছে। রিশাদ প্রতিদানও দিচ্ছেন। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে তার দুর্দান্ত বোলিংয়ের স্মৃতি এখনো তাজা। মুশতাক তাকে বাংলাদেশের ভবিষ্যৎ হিসেবে রায় দিলেন।

মিরপুরে বুধবার মুশতাক আহমেদ বলেন, ‘সত্যি বলতে সে বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যত। এই মুহূর্তে সাদা বলের ক্রিকেটে সে দুর্দান্ত। আপনি গত বিশ্বকাপের (টি-টোয়েন্টি) দিকে তাকান। সে একজন ম্যাচ উইনার। সে উইকেট শিকার করতে পারে, যে কোনো পরিস্থিতিতে  ম্যাচ জেতাতে পারে।’

৩ ওয়ানডে আর ২৭ টি-টোয়েন্টি খেলা রিশাদের এখনো টেস্ট অভিষেক হয়নি। এই ফরম্যাটের জন্য প্রস্তুত হতে রিশাদকে কিছু পরামর্শও দেন মুশতাক, ‘সে একজন দীর্ঘদেহী লেগ স্পিনার, যে বল দারুন টার্ন করাতে পারে। সেইসঙ্গে দারুন গতি, বাউন্স আর ড্রিফট আছে। সে কার্যকরভাবে গুগলি করতে পারে। লংগার ভার্সনের ক্রিকেট খেলতে হলে তাকে প্রথম শ্রেণির ম্যাচ খেলতে হবে। লম্বা সময় বোলিং করা শিখতে হবে। এটা একমাত্র প্রথম শ্রেণির ক্রিকেটেই সম্ভব।’

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত