স্বাগতিক কম্বোডিয়ার বিপক্ষে ভালো খেলেও ১-০ হারে এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ বাছাই শুরু করেছিল বাংলাদেশ। সেই হারে চূড়ান্ত পর্বে যাওয়াও অনেকটা ম্লান হয়ে যায় বাংলাদেশ। তবে সেই আশা তারা বাঁচিয়ে রেখেছে বুধবার ফিলিপাইনকে ১-০ গোলে হারিয়ে।
নম ফেনের অলিম্পিক স্টেডিয়ামে সাইফুল বারী টিটুর শীষ্যরা তিন পয়েন্ট নিশ্চিত করেছে শফিক রহমানের গোলে। ১৮ মিনিটে জয়সূচক গোলটি করেন এই কিশোর।
এই জয়ে বাংলাদেশ তিন পয়েন্ট নিয়ে পাঁচ দলের গ্রুপে উঠে এসেছে তৃতীয়স্থানে। দুই ম্যাচেই জিতে গ্রুপের শীর্ষে আফগানিস্তান। স্বাগতিক কম্বোডিয়ারও সমান ছয় পয়েন্ট দুই জয়ে।
ফিলিপাইন আগের ম্যাচে ম্যাকাউকে হারানোয় আছে চারে। ম্যাকাউ এখনও খুলতে পারেনি পয়েন্টের খাতা। ১০ গ্রুপের দশ সেরা, পাঁচ সেরা রানার্স-আপ ও স্বাগতিক খেলবে আগামী বছর চূড়ান্ত পর্বে।
বি গ্রুপে বাংলাদেশের পরের ম্যাচ শুক্রবার ম্যাকাউয়ের বিপক্ষে। এরপর ২৭ অক্টোবর তারা শেষ গ্রুপ ম্যাচ খেলবে আফগানিস্তানের সঙ্গে। শেষ দুই ম্যাচ জিতলে বাংলাদেশেরও সম্ভাবণা থাকবে সৌদি আরবে চূড়ান্তপর্বে যাওয়ার।