সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের সিএন্ডবি এলাকায় গরু ভর্তি ট্রাক লুটের ঘটনা ঘটেছে। এ সময় ডাকাত দলের সদস্যরা ট্রাকের চালক, হেলপার ও গরুর দুইজন মালিককে বেধড়ক মারধর করে সাথে থাকা মোবাইল ফোন, নগদ টাকা গরু ভর্তি ট্রাক নিয়ে গেছে।
বুধবার ভোররাতে সাভারের সিএন্ডবি এলাকায় এ ডাকাতির ঘটনা ঘটেছে।
ডাকাতদের হামলায় আহতরা হলো- লুট হওয়া ট্রাকের মালিক ও চালক মোঃ খাইরুল ইসলাম (৫১) হেলপার মোঃ কাজল (২৪) এবং গরুর মালিক মোঃ শহীদুল ইসলাম (৪২) ও মোঃ খোরশেদ আলম (৫২)।
গাড়ি চালক খাইরুল ইসলাম বলেন, চাপাইনবাবগঞ্জ থেকে ৫টি গরু নিয়ে কুমিল্লায় যাচ্ছিলাম। ভোররাত ৩ টার দিকে সাভারের সিএন্ডবি এলাকা পার হলে একটি পিকআপ দিয়ে গরু ভর্তি ট্রাকটি ব্যারিকেড দেয়। এ সময় ১০-১৫ জনের একদল ডাকাত আমাদেরকে জোরপূর্বক গাড়ি থেকে নামিয়ে এলোপাতারি মারধর করে তাদের পিকআপে উঠিয়ে চোখমুখ এবং হাত-পা বেঁধে তিরপল দিয়ে ঢেকে আবারও মারধর করে। পরে আমাদের কাছে থাকা নগদ টাকা, মোবাইল ফোন গরুর মালিক শহিদুল ইসলামের দুটি চেক বই ছিনিয়ে নেয়। পরবর্তীতে আমাদের চোখমুখ ও হাত-পা বাঁধা অবস্থায় কেরাণীগঞ্জ এলাকায় রাস্তার পাশে ফেলে রেখে যায়। ডাকাতির ঘটনায় আমাদের সাড়ে ২৭ লাখ টাকার ক্ষতি হয়েছে।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিঞা বলেন, গরুভর্তি পিকআপ লুটের ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। এখানে গরুর মালিক এবং গাড়ির মালিকের কথার মধ্যে পার্থক্য পাওয়া যাচ্ছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এটি আসলেই ডাকাতি নাকি অন্যকিছু। তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতেই পরবর্তী আইনি ব্যবস্থা নেয়া হবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।