সচিবালয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ

শাহবাগ থানায় মামলায় ২৬ জন গ্রেপ্তার, ছাড়া পেলেন ২৮ জন

এইচএসসি পরীক্ষার ‘বৈষম্যহীন’ ফল প্রকাশের দাবিতে গতকাল বুধবার সচিবালয়ে ঢুকে বিক্ষোভ করার সময় ৫৪ জন শিক্ষার্থীকে আটক করেছিল পুলিশ। এদের মধ্যে ২৮ জন মুচলেকা দেওয়ায় তাদের ছেড়ে দিয়েছে পুলিশ। বাকি ২৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার শিক্ষার্থীদের আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ। যাচাই-বাছাই শেষে আজ বৃহস্পতিবার শাহবাগ থানায় এ ঘটনায় মামলা করা হয়।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বুধবার সচিবালয়ে ঢুকে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে ৫৪ শিক্ষার্থীকে আটক করে পুলিশ। পরে তাদের শাহবাগ থানায় নেওয়া হয়।

ডিসি তালেবুর রহমান আরও বলেন, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ৬০-৭০ জনকে অজ্ঞাত হিসেবে আসামি করে একটি মামলা রুজু করেছে। আটক ৫৪ জনের মধ্যে ২৬ জনকে ওই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। বাকি ২৮ জনকে তাদের পরিবারের জিম্মায় মুক্তি দেওয়া হয়েছে।

গতকাল বুধবার বেলা ৩টার দিকে সচিবালয়ে ঢুকে শিক্ষা মন্ত্রণালয় ভবনের সামনে বিক্ষোভ করে এইচএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীরা। এ সময় শিক্ষা মন্ত্রণালয়ের ভবনের সামনে বিপুল সংখ্যক পুলিশ ও সেনাসদস্যরা অবস্থান নেয়। 

শিক্ষার্থীরা জানায়, সব বিষয়ে এসএসসির ফল অনুযায়ী এইচএসসির ফল চায় তারা। পাশাপাশি বিভিন্ন বোর্ডে তাদের ওপর হামলার বিচার দাবি আন্দোলকারীদের। এসব দাবি পূরণ না হওয়া পর্যন্ত সচিবালয় না ছাড়ার ঘোষণা দিয়েছে তারা। পরে শিক্ষার্থীদের আন্দোলন ছত্রভঙ্গ করে দেয় আইনশৃঙ্খলা বাহিনী।