শেখ হাসিনা পরিবারের ছয়জনের প্লট বরাদ্দে অনিয়ম তদন্তে কমিটি

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানাসহ তাদের পরিবারের ছয় সদস্যের নামে পূর্বাচলে প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগের তদন্তে কমিটি গঠন করে দিয়েছেন উচ্চ আদালত। আদালতের আদেশ অনুযায়ী, এ কমিটি ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত রাজউকের প্লট বরাদ্দের অনিয়মেরও তদন্ত করবে। এ সংক্রান্ত রিট আবেদনের ওপর শুনানি নিয়ে গতকাল বৃহস্পতিবার বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।

কমিটিতে থাকবেন অবসরপ্রাপ্ত বিচারপতি মিফতাহ উদ্দিন চৌধুরী, আইনজীবী জসিম উদ্দিন সরকার ও প্রকৌশলী আলমগীর হাসিন।

শেখ হাসিনা ও তার পরিবারকে এ প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশনা চেয়ে গত ১১ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের ১০ আইনজীবী এ রিট আবেদনটি করেন। আরজিতে অনিয়মের অভিযোগ তদন্তে হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত এক বিচারপতিকে প্রধান করে তিন সদস্যবিশিষ্ট কমিটি গঠনের নির্দেশনা চায় রিটকারী পক্ষ। রিট আবেদনের যুক্তিতে বলা হয়, রাজউকের আইন ও বিধি অমান্য করে পূর্বাচল নতুন শহর প্রকল্পে নিজের নামে প্লট বরাদ্দ নিয়েছেন সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার সঙ্গে প্লট নিয়েছেন তার ছেলে সজীব আহমেদ ওয়াজেদ (জয়) ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল এবং শেখ রেহানার দুই ছেলে মেয়ে রেজওয়ান মুজিব সিদ্দিক ববি এবং আজমিনা সিদ্দিক রূপন্তি। তারা সর্বোচ্চ ১০ কাঠা আয়তনের প্লট বুঝে নেন।