বকেয়া বেতনের দাবিতে গাজীপুরে মহাসড়ক অবরোধ

তিন মাসের বকেয়া বেতনের দাবিতে গাজীপুর মহানগরীর একটি পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ করেছেন। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টা থেকে মহানগরীর মালেকের বাড়ি এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করে বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা। এতে ওই মহাসড়কে উভয় দিকে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। দুর্ভোগে পড়েন যাত্রীরা।

শিল্প পুলিশ জানায়, গাজীপুর মহানগরীর মোগরখাল এলাকার টিএনজেড অ্যাপারেলস লিমিটেড কারখানার বকেয়া বেতনের দাবিতে অনেক দিন ধরেই বিক্ষোভ চলছিল। আন্দোলনের মুখে দীর্ঘদিন কারখানাটি বন্ধ রাখা হয়। সে সময় শ্রমিকরা আন্দোলন করলেও মালিকপক্ষ তাদের বেতন-ভাতা দেয়নি। কিছুদিন আগে বেতন পরিশোধ করার আশ্বাস দিয়ে কারখানা ফের খুলে দেওয়া হয়।