মুন্সীগঞ্জে ছাত্র আন্দোলনের সক্রিয় কর্মীকে কুপিয়ে আহত

মুন্সীগঞ্জ শহরের উপকণ্ঠ পঞ্চসারে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিনের জেলা সমন্বয়ক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সক্রিয় কর্মী অমিত হাসানকে (১৯) কুপিয়ে আহত করেছেন দুর্বৃত্তরা। এ ঘটনায় আরও ৩ শিক্ষার্থী আহত হয়। গতকাল বিষয়টি নিশ্চিত করেন মুন্সীগঞ্জ সদর থানার ওসি খলিলুর রহমান।

এর আগে বুধবার রাত ১১টার দিকে পঞ্চসার ইউনিয়নের মালির পাথর গ্রামে এ ঘটনা ঘটে। ছুরিকাহত অমিত হাসানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অমিত মালির পাথর গ্রামের ইব্রাহিম ভূঁইয়ার ছেলে। এ বছর মুন্সীগঞ্জ কলেজ থেকে এইএসসি পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে সে।

আহত অন্যদের মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে। তারা হলেন হরগঙ্গা কলেজের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র ফারদিন হাসান আবির (২৪), বুলবুল আহমেদ রাজ (২৪) ও দ্বিতীয় বর্ষের ছাত্র ফাহিম মুনতাসির নোমান (২৪)।

ছুরিকাহত অমিতের খালাতো ভাই মেহেদী হাসান শান্ত বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমর্থনে মুন্সীগঞ্জে যেসব কর্মসূচি হয়েছে তাতে সক্রিয়ভাবে অংশ নিয়েছে অমিত। পাশাপাশি স্বেচ্ছাসেবী যুব সংগঠন বিডি ক্লিন সমন্বয়কের দায়িত্ব পালন করে আসছে। ঘটনার রাতে মালির পাথর প্রাথমিক বিদ্যালয়ের পাশে কয়েকটি কুকুরকে খাবার দেওয়ার জন্য যায় অমিত। সেখানে চার থেকে পাঁচজনের একটি সংঘবদ্ধ গ্রুপের সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ছুরি দিয়ে কুপিয়ে তাকে আহত করা হয়। এ সময় তার আর্তচিৎকারে কয়েকজন শিক্ষার্থী ছুটে গেলে হামলায় তারাও আহত হয়। পরে আহত অবস্থায় তাদের উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসে স্থানীয়রা।’  

মুন্সীগঞ্জ সদর থানার ওসি খলিলুর রহমান জানান, রাতে খবর পাওয়ার পরপরই সেনাবাহিনী, পুলিশ ও ডিবির সদস্যরা ঘটনাস্থলে ছুটে যায়। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।