বাগদাদের দেয়ালে রঙের ছোঁয়া

দীর্ঘ যুদ্ধ ও রাজনৈতিক অস্থিরতার পর মধ্যপ্রাচ্যের দেশ ইরাকে স্বাভাবিক জীবনযাত্রার আশা অনেক দূর। সেই সুদূর পথের আশায় হাত গুটিয়ে বসে না থেকে রাজধানী বাগদাদের পাড়ায় পাড়ায় রঙের ছোঁয়া আনছেন এক শিল্পী। মানুষকে প্রেরণা জোগাচ্ছে এই উদ্যোগ। অনেকে বলছেন এই উদ্যোগে ঢেকে যাচ্ছে দীর্ঘদিনের যুদ্ধ ও অস্থিরতার ক্ষত।

বাগদাদের আল ফাদল এলাকায় যে কোনো এক ধরনের পরিবর্তন চলছে, তা শুধু রঙ ভরা বড় বালতি দেখেই টের পাওয়া যায়। আলি খলিফা ও তার 'বাটারফ্লাই এফেক্ট' নামের শিল্পীসংঘের উদ্যোগে মলিন দেয়ালগুলো রঙিন হয়ে উঠছে।

রঙিন মিউরালসের মাধ্যমে বাগদাদের অবহেলিত পাড়াগুলোতে প্রাণসঞ্চার করাই তাদের মিশন বলে জানান তারা। আলি বলেন, আমাদের কাজের প্রশংসাই আমাকে প্রেরণা জোগাচ্ছে। সৌভাগ্যবশত এখনো পর্যন্ত আমরা কোনো নেতিবাচক প্রতিক্রিয়া পাইনি। এখানকার বয়স্ক ও তরুণদের জন্য এটা নতুন এক অভিজ্ঞতা। কিন্তু তারা আমাদের কাজ পছন্দ করছে বলেই মনে হচ্ছে।

একটু রঙের ছোঁয়া কি পৃথিবীকে আরও ভালো জায়গা করে তুলতে পারে? এমন প্রশ্নের উত্তরে আলি জানান, মানুষের ওপর শিল্পকলার প্রভাব অবশ্যই রয়েছে ৷ তিনি ও তার সতীর্থরা নিশ্চিত যে মানুষ যখন তাদের দেয়ালে রঙ করতে বলেন, তখন সেটা আর শুধু উপরিভাগের সৌন্দর্যের বিষয় থাকে না ৷

আলি আরও বলেন, এই দেয়ালের প্রতিটি গর্ত, প্রতিটি চিড়ের পেছনে মর্মান্তিক কোনো স্মৃতি রয়েছে। কিন্তু বুলেটের গর্তগুলো ফুলে পরিণত করে এক বার্তা পাঠানো হচ্ছে ৷ খারাপ সময় পেছনে ফেলে সামনের দিকে এগোনো সম্ভব।

এরই মধ্যে এমন আরও ম্যুরাল গোটা বাগদাদ শহর জুড়ে ছড়িয়ে পড়েছে। আলির রঙিন জগত সবার নাগালে চলে আসছে। মলিন শহরটি যে অনেক প্রাণবন্ত হয়ে উঠছে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। শিল্পকলা মানুষের জীবন বদলে দিতে পারে। যারা সেই শিল্প সৃষ্টি করছেন, শুধু তারাই নয়। শিল্পসৃষ্টির আশেপাশের মানুষও প্রেরণা পেতে পারেন।

এই শিল্পসংঘ বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। বিশেষ করে ইরাকের রক্ষণশীল সমাজে প্রায় অদৃশ্য নারীরাও এভাবে নিজেদের আইডিয়া তুলে ধরার সুযোগ পাচ্ছেন ৷

একটি পার্কে আলি খলিফা আঁকা শেখাচ্ছেন। তিনি মানুষকে উদ্বুদ্ধ করতে চান ৷ তিনি বিশ্বাস করেন, একটি পেন্সিল বা তুলির আঁচড় ঠিক প্রজাপতির পাখনার সঞ্চালনের মতো জগতে পরিবর্তন আনতে সাহায্য করতে পারে।

নিজেদের দলের নামকরণের ব্যাখা দিয়ে আলি বলেন, বাটারফ্লাই এফেক্ট এক বৈজ্ঞানিক পরিভাষা, এক তত্ত্ব। প্রতিটি শব্দ, প্রতিটি কাজ তা সে যতই ছোট ও সরল হোক না কেন, সময়ের সমাপ্তি পর্যন্ত প্রভাব রাখে। ভালো কাজ করলে কিছু একটা বেড়ে উঠতে পারে। প্রভাব স্থায়ী হয়। সে কারণে আমরা এই নাম বেছে নিয়েছি।

আল ফাদাল এলাকায় আলি ও তার টিম কয়েক ঘণ্টার মধ্যেই তাদের মিউরালের কাজ শেষ করেছেন। বাগদাদ শহরে আরও একটি পেইন্টিং যোগ হলো। কিন্তু শহরটিকে আরও রঙিন করে তোলার মিশন চলতেই থাকবে। এখনো যে অনেক কাজ বাকি রয়েছে ৷