টানা জয়ে আশা আর আফসোস দুইটাই বাড়ছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ ফুটবল দলের। ২০২৫ এশিয়ান কাপ অনূর্ধ্ব-১৭ আসরের চূড়ান্ত পর্বে খেলার হাতছানি তাদের সামনে। আবার দারুণ এই সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে প্রথম ম্যাচে স্বাগতিক কম্বোডিয়ার কাছে ১-০ গোলে হারে।
যে ম্যাচে প্রাধান্য বিস্তার করেও হারের হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয়েছিল বাংলাদেশকে। শুক্রবার নমপেনে অলিম্পিক স্টেডিয়াম নুহুল হুদা ফয়সালের চার গোলে ম্যাকাওকে রীতিমত বিধ্বস্ত করেছে বাংলাদেশ, জিতেছে ৭-০ ব্যবধানে।
তিন ম্যাচ থেকে বাংলাদেশ পেয়েছ ছয় পয়েন্ট। তারপরও তাদের অবস্থান তিনে। এক ম্যাচ করে কম খেলা আফগানিস্তান ও কম্বোডিয়ার সংগ্রহও সমান ছয়। তবে সেটা বাড়িয়ে নেওয়ার সুযোগ দু'দলের সামনেই।
শুক্রবার রাতেই মুখোমুখি হওয়ার কথা তাদের। সাইফুল বারী টিটুর দল 'বি' গ্রুপের শেষ ম্যাচটি খেলবে এই মুহূর্তে শীর্ষে থাকা আফগানদের বিপক্ষে। রবিবার সেই ম্যাচটা জিতলে বাংলাদেশের সুযোগ থাকবে চূড়ান্তপর্বে যাওয়ার। গ্রুপসেরা হলে তো কথাই নেই। সেক্ষেত্রে গ্রুপ রানার্স-আপ হয়েও সৌদি আরবের টিকিট মিলতে পারে বাংলাদেশের।
আজ গোলৎসবের ম্যাচে বাংলাদেশকে প্রথম গোলের জন্য অপেক্ষায় থাকতে হয় ম্যাচের ৪০ মিনিট পর্যন্ত। ফয়সালের একক প্রচেষ্টার গোলে প্রথমার্ধে লিগ নেওয়ার বাংলাদেশ দ্বিতীয়ার্ধে ম্যাকাউকে আর দাড়াতে দেয়নি। হ্যাটট্রিক ম্যান ফয়সাল ছাড়াও দু'বার জালের দেখা পেয়েছেন মানিক। এছাড়া রিফাত করেন এক গোল।