নারায়ণগঞ্জে প্রাইভেটকার ছিনতাই করতে চালককে হত্যা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে প্রাইভেটকার ছিনতাইয়ে বাঁধা দেওয়ায় মো. হানিফ (৬০) নামের এক চালককে হত্যার ঘটনা ঘটেছে। শুক্রবার (২৫ অক্টোবর) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার পিরোজপুর ইউনিয়নের চেঙ্গাকান্দি এলাকায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ। 

নিহত মো. হানিফ লক্ষীপুরের রায়পুর উপজেলার কেরোয়া গ্রামের কেরামত আলীর ছেলে। পেশায় তিনি প্রাইভেটকার চালক ছিলেন।

নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (খ-সার্কেল) শেখ বিল্লাল হোসেন বলেন, নিহত হানিফের স্ত্রী রহিমা আক্তারের সঙ্গে কথা বলে জানতে পারি গতকাল রাতে হানিফ এয়ারপোর্ট থেকে যাত্রী নিয়ে কুমিল্লার উদ্দেশ্যে বের হয়েছিল। কিন্তু এরপর তাকে আর ফোনে পাওয়া যাচ্ছিলো না। ধারণা করা হচ্ছে প্রাইভেটকার ছিনতাই করতেই যাত্রী ছদ্মবেশে হয়তো তারা এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে। আমরা ঘটনাস্থল থেকে পাওয়া মোবাইলের মাধ্যমে তার নাম-পরিচয় বিস্তারিত জানতে পাই।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে আমরা নিহতের শরীরের বিভিন্ন অংশে কুপিয়ে জখম করার একাধিক চিহ্ন পেয়েছি। সুরতহাল সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য মরদেহটি নারায়ণগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার তার মৃত্যুর প্রকৃত কারণ এবং এই ঘটনায় কারা জড়িত তা জানা যাবে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।