গাজীপুরে জামায়াত আমির

বিপ্লবের চেতনাকে পাশ কাটিয়ে হাঁটলে স্বৈরাচারের পথ ধরতে হবে

জাতীয় ঐক্যের ভিত্তিতে ২৪ এর গণবিপ্লব হবে বলে জানিয়েছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, এই গণবিপ্লবের চেতনাকে পাশ কাটিয়ে আমাদের দল এবং কোনো দল যেন ভিন্ন পথে হাঁটার চিন্তা না করে। যারাই হাঁটবেন তাদেরকেই স্বৈরাচারের রাস্তা ধরতে হবে।

শুক্রবার (২৫ অক্টোবর) সকালে গাজীপুর মহানগরীর নগপাড়া এলাকার একটি কমিউনিটি সেন্টারে জেলা জামায়াতের উদ্যোগে আয়োজিত দলের রোকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, রাজনীতিতে বলা হয় ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। কিন্তু বাংলাদেশের ৫৩ বছর ইতিহাসে রাজনীতিবিদরা এই স্লোগান প্রমাণ করতে ব্যর্থ হয়েছেন। বর্তমান প্রজন্ম আর এই ব্যর্থতা দেখতে প্রস্তুত নয়। তারা চায় যে, রাজনীতিবিদদের সফল হতেই হবে। জাতির সঙ্গে দেওয়া সব অঙ্গীকার অবশ্যই তাদেরকে রক্ষা করতে হবে।

তিনি বলেন, আমি আমার দলকে সতর্ক করছি এবং সব রাজনৈতিক দলকেও সতর্ক করছি। জনগণের চেতনার বিপক্ষে আমরা যেন কেউ না দাঁড়াই। আমাদেরকে অবশ্যই জনগণের পক্ষে শক্ত করে দাঁড়াতে হবে। জনগণের ন্যায্য দাবি যদি থাকে সে দাবিকে পাশ কাটানোর চেষ্টা বা দুঃসাহস আমরা যেন কেউ না দেখাই।

তবে জনগণের কোনো বিশেষ মহল ধোকা দেওয়ার জন্য কোনো কিছু করে সেক্ষেত্রে জামায়াতের লক্ষ্য থাকবে তাদেরকে প্রতিহত করা বলে জানান দলটির আমির।

ডা. শফিকুর রহমান বলেন, আন্দোলনে যারা জীবন দিয়েছে এই ছেলেমেয়েদের প্রধান দাবি ছিল— উই ওয়ান্ট জাস্টিস (আমরা সুবিচার চাই)। সুবিচার যে সমাজে প্রতিষ্ঠিত হবে, সেখানে ডাকাত এবং চোরের কোনো জায়গা নেই। সেখানে সম্পদ লুণ্ঠন করে বিদেশে পাচারের কোনো সুযোগ নেই। যেখানে সুবিচার প্রতিষ্ঠিত হবে সেখানে ঘোষের রমরমা বাণিজ্য চলবে না।

তিনি বিগত সরকারের নানা অপকর্মের কথা তুলে ধরে বলেন, আগের সরকারের মন্ত্রীরা, এমনকি অর্থমন্ত্রী একসময় বলত ঘুষকে এখন ঘুষ বলা ঠিক হবে না, এটাকে স্পিড মানি বলতে হবে। তারা ঘোষণা দিয়ে ঘুষকে জাতীয়করণ করেছিলেন।

জামায়াত আমির বলেন, আমরা এমন বিচিত্র সংসদ এবং সরকার পেয়েছিলাম, সেই সংসদ এবং সরকার জনগণের জন্য ছিল না। সেখানে ব্যক্তি বন্দনায় নেচে গেয়ে জনগণের টাকা নষ্ট করা হতো। এক ব্যক্তির ইশারায় সবকিছু উঠতো এবং বসতো। ইতিহাসে এমন দুর্ধর্ষ শাসক যারা ছিল, স্বৈরশাসক যারা ছিল, তারা বলত আমি হচ্ছি ‘সবচেয়ে বড় রব’।

জাতীয় সংকটে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে জামায়াত আমীর বলেন, দেশের মৌলিক স্বার্থে দলগুলোর মধ্যে কোনো ধরনের বিভাজন এই জাতি কামনা করে না। সংকট এসেছে, সংকট আছে, সংকট থাকবে। সকল জাতীয় সংকট ঐক্যবদ্ধভাবে এ জাতি মোকাবেলা করবে।