দ্রব্যমূল্যের বাজারে আওয়ামী লীগের সিন্ডিকেট বহাল রয়েছে দাবি করে দ্রুত সেই সিন্ডিকেট ভেঙে দিয়ে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির জাতীয় কেন্দ্রীয় কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক।
আজ শুক্রবার (২৫ অক্টোবর) বাদ জুমা পল্লবীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে দুস্থ ও অসহায় মানুষদের মাঝে মেহমানদারি আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে আমিনুল হক বলেন, বাংলাদেশের মানুষের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে দ্রব্যমূল্য। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে বাংলাদেশের সাধারণ মানুষ দুর্বিষহ জীবন-যাপন করছে। সবজিসহ নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। এখনও বাজার আওয়ামী লীগ সিন্ডিকেটের দখলে কেন? আওয়ামী লীগের আমলে দ্রব্যমূল্য বাড়ানোর জন্য যে সকল সিন্ডিকেট বাজারে রয়েছিল, তা দ্রুত সময়ের ভেতর ভেঙে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসতে হবে।
বিএনপি এদেশের মানুষের দল, এদেশের জনগণের দল। জনগণের জন্য করণীয় ঠিক রেখে আমাদের নৈতিক দায়িত্ব ও কর্তব্য থেকে আমরা জনগণের জন্য কাজ করে চলেছি উল্লেখ করে আমিনুল হক বলেন, বাংলাদেশের যেকোনও সংকটকালীন সময়ে, দুর্যোগকালীন মুহূর্তে, করোনাকালীন সময়, বন্যার সময় এবং বর্তমান ডেঙ্গু প্রকটে আমরা মানবিক কারণে সর্বদা মানুষের পাশে এসে দাঁড়িয়েছি।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সদস্য এ বি এম এ রাজ্জাক, মাহাবুব আলম মন্টু, স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক মহসিন সিদ্দিকী রনি, সাবেক কাউন্সিলর সাজ্জাদ হোসেন, পল্লবী থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক কামাল হুসাইন খান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফ আলী গাজী, আনিছুর রহমান, পল্লবী থানা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি হাজী তৈয়ব, রুপনগর থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইন্জি. মজিবুল হক, যুবদল পল্লবী থানার সভাপতি হাজী নূর সালাম, সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া, জাসাস ঢাকা মহানগর উত্তরের যুগ্ম আহ্বায়ক অ্যাড আলী আসরাফ লিটন, ৩ নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি নজরুল ইসলাম নজু, সাধারণ সম্পাদক আবুল খায়ের, সিনিয়র সহসভাপতি সালেহ আহমেদ বাবুল, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম লালন, যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মনা, ৩ নম্বর ওয়ার্ড যুবদল আহ্বায়ক দেওয়ান বিপ্লব, সদস্য সচিব ফরহাদ হোসেন রাজন প্রমুখ।