জেনারেল ওয়াকার বিওএর নতুন সভাপতি

বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) নতুন সভাপতি হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। গতকাল নির্বাচন কমিশনার মো. আমিনুল ইসলামের সই করা এক প্রজ্ঞাপনে জেনারেল ওয়াকারকে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে নির্বাচিত ঘোষণা করা হয়েছে।

বিওএর সভাপতি পদ থেকে আগেই সরে দাঁড়িয়েছিলেন সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) এস এম শফিউদ্দিন আহমেদ। এর পরপরই সভাপতির শূন্য পদে নির্বাচনের উদ্যোগ নেওয়া হয়। জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মো. আমিনুল ইসলাম নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।

নির্বাচনে খসড়া ভোটার ছিলেন ৭১ জন কাউন্সিলর। জাতীয় ক্রীড়া পরিষদ বিভিন্ন ফেডারেশন থেকে বেশ কয়েকজনকে অব্যাহতি দেওয়ায় তাদের বাদ দিয়ে চূড়ান্ত ভোটার তালিকা দাঁড়ায় ৫২ জনের।

ফুটবল ও ক্রিকেট ছাড়াও দেশের অন্যতম শীর্ষ ক্রীড়া সংগঠন বিওএ-তে সভাপতি পদটি নির্বাচিত। এ পদে সেনাপ্রধানরাই দায়িত্ব পালন করে থাকেন। বিওএ নির্বাহী কমিটির মেয়াদ ৪ বছর।