লা লিগায় এই মৌসুমে ১০ রাউন্ড শেষে শীর্ষে আছে (২৭ পয়েন্টে) বার্সেলোনা। রিয়াল মাদ্রিদ আছে দুই নম্বরে (২৪ পয়েন্ট)। এই দুই দলের পয়েন্টের পার্থক্য মাত্র ৩। আজ মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে ঘুচে যেতে পারে এই পয়েন্টের পার্থক্য। যদি রিয়াল জেতে তবে পয়েন্টে বার্সাকে ধরে ফেলার সঙ্গে শীর্ষেও উঠে যাবে কার্লো আনচেলত্তির দল। কারণ লা লিগায় পয়েন্ট সমান হলে দেখা হয় মুখোমুখি লড়াইয়ের হিসাব।
এল ক্লাসিকোর আগে স্প্যানিশ দুটি ক্লাবই আছে দারুণ ফর্মে। নিজেদের সবশেষ ম্যাচে চ্যাম্পিয়নস লিগে রিয়াল মাদ্রিদ প্রথমে দুই গোল হজমের পর ৫-২ এ জেতে ডর্টমুন্ডের বিপক্ষে। সেই ম্যাচে লস ব্লাঙ্কোসদের হয়ে হ্যাটট্রিক করেন ভিনিসিয়ুস জুনিয়র। বার্সেলোনা ৪-১ গোলে হারায় বায়ার্ন মিউনিখকে। কাতালান ক্লাবটির হয়ে হ্যাটট্রিক করেন রাফিনহা। ভিনি ও রাফিনহা দুজনই ব্রাজিলিয়ান। সবশেষ ম্যাচে দারুণ করেছেন। তাই এবার এল ক্লাসিকোতে লড়াইয়ের ভেতর লড়াইটা ধরা হচ্ছে ভিনি-রাফিনহার। এছাড়া আক্রমণভাগে রিয়ালের আরেক বড় নাম কিলিয়ান এমবাপ্পে। তো বার্সায় আছেন রবার্ট লেভানডফস্কি। এমবাপ্পের প্রথম এল ক্লাসিকো অভিজ্ঞতাও হবে এই ম্যাচ দিয়ে।
আজ সান্তিয়াগো বার্নাব্যুতে হার এড়াতে পারলেই রেকর্ড গড়বে রিয়াল মাদ্রিদ। লা লিগায় টানা বেশি ম্যাচ অপরাজিত থাকার রেকর্ডে ভাগ বসাবে আনচেলত্তির দল। লা লিগায় ২০১৭ ও ২০১৮-তে ৪৩ ম্যাচ অপরাজিত ছিল বার্সেলোনা। আজ বার্সেলোনা জিতলে দারুণ কীর্তি গড়বেন দলটির বর্তমান কোচ হান্সি ফ্লিক। ২০১৩ সালের পর বার্সার কোনো কোচ প্রথম এল ক্লাসিকোতে জয় পায়নি।
এই মৌসুমে লা লিগায় ১২ গোল নিয়ে শীর্ষে আছেন রবার্ট লেভানডফস্কি। ৬ গোল নিয়ে দ্বিতীয় স্থানে কিলিয়ান এমবাপ্পে। ফরাসি এই তারকা ফরোয়ার্ডকে নিয়ে রিয়াল কোচ আনচেলত্তি বলেন, ‘গেল মৌসুম এল ক্লাসিকোতে আমরা গোল কম পেয়েছি কারণ, বেনজেমার মতো স্ট্রাইকার না থাকাটা আমাদের ভুগিয়েছে। এবার তেমনটি হবে না। কারণ আমাদের এমন একজন খেলোয়াড় আছে যে (মৌসুমে) ৪৫ গোল করতে পারে। আমরা তাকে (এমবাপ্পে) নিয়ে সন্তুষ্ট। কারণ গোল পাচ্ছে।’
ম্যাচ নিয়ে আনচেলত্তি বলেন, ‘দল ভালো ছন্দে আছে। ক্লাসিকো সব সময়ই কঠিন হয়, একই সঙ্গে আনন্দেরও। আমরা ঘরের মাঠে সমর্থকদের সামনে ভালো করতে চাই। বার্সা ভালো খেলছে। সাহসী দল তারা। তবে আমরা ভালোভাবেই ম্যাচের জন্য প্রস্তুতি নিয়েছি।’ আনচেলত্তির মতে এল ক্লাসিকো ফেভারিট বলে নির্দিষ্ট কোনো দল নেই। মাঠে যে স্নায়ুর চাপ ধরে রাখতে পারবে, তার সুযোগ বেশি থাকবে।
বার্সা ও রিয়াল দুই দলই এই ম্যাচে প্রথম পছন্দের গোলকিপারকে পাচ্ছে না। থিবো কর্তোয়া বাঁ-পায়ের ইনজুরিতে ৩-৪ সপ্তাহের জন্য দল থেকে ছিটকে গেছেন। আর বার্সা গোলকিপার স্টেগান ইনজুরিতে ছিটকে গেছেন লা লিগার ষষ্ঠ রাউন্ডে।
এবার প্রাক-মৌসুম প্রস্তুতিতে মুখোমুখি হয়েছিল রিয়াল ও বার্সা। সেই ম্যাচটি জিতেছিল বার্সেলোনা। এ ছাড়া প্রতিযোগিতামূলক ম্যাচে শেষ তিনটিতেই জিতেছে কাতালানরা। তবে মার্চ ২০২২ এর পর রিয়ালের মাঠে লিগ ম্যাচে জিততে পারেনি বার্সেলোনা। চ্যাম্পিয়নস লিগে বায়ার্ন জুজু কাটিয়েছে ফ্লিকের দল। এবার কি তাহলে বার্নাব্যুতেও পাবে জয়?