ঢাকা রেলওয়ে স্টেশন এলাকায় পঞ্চগড়গামী আন্তঃনগর ট্রেন পঞ্চগড় এক্সপ্রেস লাইনচ্যুতির ঘটনায় ৯ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। উদ্ধারকাজ শেষে পর ঢাকার সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল আবারও স্বাভাবিক হয়েছে। তবে প্রতিটি ট্রেনই নির্ধারিত সময়ের চেয়ে অনেকটা দেরিতে কমলাপুর স্টেশন থেকে ছেড়ে যায়। এতে দুর্ভোগ পোহান যাত্রীরা। গতকাল শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এর আগে গত বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে পঞ্চগড়গামী আন্তঃনগর ট্রেন পঞ্চগড় এক্সপ্রেস কমলাপুর স্টেশন এলাকায় লাইনচ্যুত হয়। এরই মধ্যে লাইনচ্যুত হওয়া ট্রেনের ছয়টি বগি উদ্ধার করা হয়েছে।
সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনটি সকাল ৭টায় কমলাপুর স্টেশন ছাড়ার কথা থাকলেও আড়াই ঘণ্টা দেরিতে সকাল ৯টা ৩৫ মিনিটে ছেড়ে গেছে। এ ছাড়া তিস্তা ও এগারসিন্ধুও বিলম্বে ঢাকা ছেড়েছে।
ট্রেন যাত্রী আতাউল্লাহ জানান, তারা তিন বন্ধু পঞ্চগড়ের তেঁতুলিয়ায় একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনে উঠেছিলেন। সেই ট্রেনটি কমলাপুর থেকে ছাড়ার ২ থেকে ৩ মিনিটের মধ্যে ট্রেনটি কয়েকটি ভাগে লাইন থেকে নিচে পড়ে যায়। ট্রেনের গতি তখন অনেক কম ছিল, হঠাৎ তীব্র ধাতব ঘর্ষণের শব্দ খাওয়ার পর ট্রেনটি থেমে যায়। আর ভোররাত পর্যন্ত বসে থেকে কোনো আশা না পেয়ে সকালে বাসায় ফিরেছেন।
ঢাকা রেলওয়ে স্টেশন মাস্টার আনোয়ার হোসেন বলেন, পঞ্চগড় এক্সপ্রেসের ছয়টি বগি উদ্ধার করা হয়েছে। বগিগুলো উদ্ধারের পরে সেগুলো সরিয়ে নেওয়া হয়েছে।
ঢাকা বিভাগীয় রেল ব্যবস্থাপক (ডিআরএম) আরিফ মহিউদ্দিন বলেন, রাত সাড়ে ১২টার দিকে কমলাপুর থেকে ছাড়ার কিছুক্ষণ পরই ‘পঞ্চগড় এক্সপ্রেসের পাঁচটি বগি লাইনচ্যুত হয়।