কক্সবাজারের রামু উপজেলার ১৩ বছর বয়সী এক কিশোরীকে প্রেমের ফাঁদে অপহরণ করেছিল রোহিঙ্গা যুবক। এ ঘটনায় মামলার দায়েরের ২৪ ঘণ্টার মধ্যে অপহৃত কিশোরীকে উদ্ধার করেছে র্যাব-১৫। এ সময় অপহরণকারী রোহিঙ্গা যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত মোহাম্মদ শাহ (২৪) উখিয়ার কুতুপালং ১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি ব্লকের জুবায়ের আহমদের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব ১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান।
মো. কামরুজ্জামান জানান, শুক্রবার সকালে রামু থানায় ১৩ বছর বয়সী এক কিশোরীকে অপহরণের ঘটনায় একটি মামলা দায়ের করা হয়। মামলার সূত্র ধরে গোয়েন্দা তৎপরতার মাধ্যমে নিশ্চিত হয়ে রাতে কক্সবাজার শহরের বাজার ঘাটা এলাকা থেকে অপহৃতকে উদ্ধার করা হয়। এ সময় রোহিঙ্গা যুবককে গ্রেপ্তার করা হয়।
তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোহাম্মদ শাহ স্বীকার করেছে প্রথমে প্রেমের ফাঁদে এবং পরবর্তীতে বিয়ের প্রলোভন দেখিয়ে অপহরণ করে ছিল। উদ্ধারকৃত কিশোরী এবং গ্রেপ্তার যুবককে রামু থানায় সোপর্দ করা হয়েছে।
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমন কান্তি চৌধুরী জানান, হাসপাতালের উভয়ের পিতা চিকিৎসার জন্য ভর্তি হওয়ার সূত্র ধরে দুজনের পরিচয় এবং বিয়ের প্রলোভনে গত ১৭ অক্টোবর এই অপহরণের ঘটনাটি ঘটে। রোহিঙ্গা যুবককে সংশ্লিষ্ট মামলায় আদালতে পাঠানো হয়েছে।