মিথুনের কথায় গাইলেন ক্লোজআপ তারকা রাজীব

বাংলাদেশ বেতারের জন্য ‘তোমার হাতে রেখে আমার এ হাত’ শিরোনামের একটি গানে কণ্ঠ দিয়েছেন ক্লোজআপ তারকা মিজান মাহমুদ রাজীব। গানটি লিখেছেন মিজানুর রহমান মিথুন। এর সুর ও সংগীত পরিচালনা করেছেন অশোক কুমার সরকার। সম্প্রতি গানটি বাংলাদেশ বেতারের স্টুডিওতে রেকর্ডিং হয়েছে।

কণ্ঠশিল্পী রাজীব বলেন, ‘গানটির কথা আমার খুব ভালো লেগেছে। সেইসঙ্গে অশোক দাদার সুর চমৎকার হয়েছে। সব মিলিয়ে রোমান্টিক ঘরানার গানটি গাওয়ার পেছনে অসাধারণ ভালোলাগা কাজ করেছে। আমি মিথুন ভাইয়ের কথায় আরও গান গাইতে চাই।'

বাংলাদেশ বেতারের উপ-আঞ্চলিক পরিচালক (সংগীত বিভাগ) মোস্তাফিজুর রহমান বলেন, ‘মিজানুর রহমান মিথুনের লেখা গান এর আগেও আমাদের বেতারে প্রচার হয়েছে। এবারের গানটির কথাও সুন্দর। সেই সঙ্গে অশোক কুমার সরকার শ্রুতিমধুর সুর করেছেন। এই সময়ের খ্যাতিমান শিল্পী রাজীব গানটি দারুণ গেয়েছেন। বেতারের স্টুডিওতে নতুন সংযোজিত অত্যাধুনিক প্রযুক্তিতে গানটি আমরা ধারণ করেছি। এটি শিগগিরই প্রচার হবে। আশা করছি, গানটি জনপ্রিয়তা পাবে।’

সুরকার অশোক কুমার সরকার বলেন, ‘শিল্পী রাজীবের গায়কীর কথা মাথায় রেখে আমি গানের সুর করেছি। অসাধারণ কথার গানটি সবার মন ছুঁয়ে যাবে।’

লেখক ও গীতিকার মিজানুর রহমান মিথুন বলেন, ‘বেতারের কর্মকর্তা মোস্তাফিজুর রহমান ভাই গানটির কথা পছন্দ করে রেকর্ডিংয়ের ব্যবস্থা করায় কৃতজ্ঞতা প্রকাশ করছি। আশা করি, অশোক দাদার সুরে ও রাজীব ভাইয়ের কণ্ঠে এ গানটি সবার ভালো লাগবে।’