সড়কে প্রাণ গেল ১০ জনের

নরসিংদীর শিবপুরে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ছয়জন প্রাণ হারিয়েছে। গতকাল শনিবার দুপুর ১২টায় ইটাখোলা-মঠখলা আঞ্চলিক সড়কের পচারবাড়ির এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, শনিবার দুপুরে ইটাখোলা থেকে পাঁচ যাত্রী নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা মনোহরদীর উদ্দেশে যাচ্ছিল। অটোরিকশাটি উপজেলার চক্রধা ইউনিয়নের পচারবাড়ি এলাকায় পৌঁছালে ইটাখোলাগামী একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়।  এতে ঘটনাস্থলেই এর চালক ও পাঁচ যাত্রীসহ ছয়জন মারা যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ উদ্ধার অভিযান চালায়।

শিবপুর মডেল থানার ওসি মো. আফজাল হোসেন বলেন, সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই ছয়জন মারা গেছে। তাদের মধ্যে সিএনজিচালক, নারী ও বাকিরা সব পুরুষ। 

রাজধানীতে ট্রাকচাপায় পুলিশ সদস্য নিহত : রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকায় ট্রাকচাপায় রায়হান সরকার (২৮) নামে পুলিশের এক কনস্টেবল নিহত হয়েছেন। তিনি খিলক্ষেত থানায় কর্মরত ছিলেন। গত শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাতেই মৃত ঘোষণা করেন। খিলক্ষেত থানা পুলিশ খবর পেয়ে হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠায়।

জানা গেছে, নিহত রায়হানের বাড়ি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সরাইল গ্রামে। বর্তমানে স্ত্রী বিথী আক্তারকে নিয়ে খিলক্ষেত কুড়াতলি এলাকায় ভাড়া বাসায় থাকতেন। তার বাবা আবদুস সোবাহানও পুলিশ সদস্য ছিলেন। রায়হান ২০১৬ সালে পুলিশে যোগ দিয়েছিলেন। গত শুক্রবার রাতে কুড়িলের কুড়াতলি এলাকায় ডিউটিতে ছিলেন।

খিলক্ষেত থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল আজিজ বলেন, শুক্রবার রাত ১২টার দিকে কুড়িল বিশ্বরোড কুড়াতলি এলাকায় একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে রাস্তায় পড়ে গুরুতর আহত হয় তিনি। আহত অবস্থায় তাকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গতকাল ঢামেক হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

সোনারগাঁয়ে গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধুর মৃত্যু : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। গত শুক্রবার রাত ৯টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর নয়াবাড়ী এলাকার ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মিজমিজি বাতানপাড়া এলাকার কামাল হোসেনের ছেলে সাইফুল ইসলাম (১৯)। একই এলাকার আলমগীর হোসেনের ছেলে জাহিদুল ইসলাম (১৯)। সাইফুল নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র।

গতকাল শনিবার সকালে কাঁচপুর হাইওয়ে থানার ওসি কাজী ওয়াহিদ মোর্শেদ সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, স্বজনের আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে রাতেই নিহতদের লাশ হস্তান্তর করা হয়।

ওসি কাজী ওয়াহিদ মোর্শেদ বলেন, শুক্রবার রাতে দুই বন্ধু মোটরসাইকেলে সোনারগাঁ থেকে সিদ্ধিরগঞ্জের দিকে যাচ্ছিলেন। পথে হয়তো কোনো যানবাহনের ধাক্কায় কিংবা নিয়ন্ত্রণ হারিয়ে তাদের দুজনের মৃত্যু হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দুজনের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

মদনে সিএনজি-হ্যান্ডট্রলি সংঘর্ষে সিএনজির এক যাত্রী নিহত : নেত্রকোনার মদনে সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে হ্যান্ডট্রলির সংঘর্ষে হাফিজুর রহমান (৫৫) নামে সিএনজির এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় সিএনজির ড্রাইভারসহ চারজন আহত হয়েছেন।

তিনজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

গতকাল শনিবার দুপুর ১টার দিকে মদন-কেন্দুয়া সড়কের বৈশ্যবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে। নিহত হাফিজুর হমান কেন্দুয়া উপজেলার চিতুলিয়া গ্রামের মৃত খোদে নেওয়াজের ছেলে।

স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, দুপুরে একটি সিএনজি যাত্রী নিয়ে কেন্দুয়া থেকে মদনের দিকে আসতে থাকে। অপরদিকে মদন থেকে মাল বোঝাই সেলু মেশিন চালিত একটি হ্যান্ডট্রলি মদন থেকে কেন্দুয়ার দিকে যাচ্ছিল। পথে বৈশ্যবাড়ি নামক স্থানে দুটি যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজির যাত্রী হাফিজুর রহমান মারা যান। আহত হয় সিএনজি ড্রাইভার তামিম (৩০), যাত্রী রহিমা আক্তার (৫০), লাকি আক্তার (৩০) ও মিনতী (১৩)।