চলতি মাসের শুরুতে ইসরায়েলে ইরানের শত শত ক্ষেপণাস্ত্র হামলার প্রতিশোধ হিসেবে গতকাল শনিবার ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল। হামলায় চার ইরানি সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী।
শনিবার ভোরে তেহরান এবং পশ্চিম ইরানের ক্ষেপণাস্ত্র কারখানা এবং অন্যান্য সামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানোর তথ্য নিশ্চিত করে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। খবর বিবিসি।
শনিবার হামলার ঘোষণার পর আইডিএফের মুখপাত্র রিয়ার অ্যাডএম ড্যানিয়েল হাগারি বলেন, ইসরায়েলের সামরিক বাহিনী "তাদের রাষ্ট্রকে রক্ষা করার জন্য" তাদের প্রস্তুতি প্রদর্শন করেছে।
এ সময় ইরান যদি নতুন করে হামলা শুরু করে, তাহলে ইসরায়েল জবাব দিতে বাধ্য হবে বলেও সতর্ক করেন তিনি।
এদিকে ইরানি কর্তৃপক্ষ জানিয়েছে, তেহরান, খুজেস্তান ও ইলাম প্রদেশে হামলা চালানো হয়েছে। দেশটির সামরিক বাহিনী দাবি জানিয়েছে যে ইসরায়েলি হামলাগুলো সফলভাবে প্রতিহত করা হয়েছে, তবে কিছু স্থানে "সীমিত ক্ষতি" হয়েছে।
তবে ইসরায়েলি হামলার পরও ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম ভিডিও ফুটেজে দেখা যে বেশ কয়েকটি শহরে স্বাভাবিক যানবাহন চলাচল ও স্কুল কার্যক্রম অব্যাহত রয়েছে।
এদিকে ইসরায়েলের হামাল্র পর যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য দুইদেশ ইরানকে পাল্টা হামলা না করার আহ্বান জানিয়েছে। এ বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুই পক্ষকেই সহিংসতার চক্র বন্ধ করার আহ্বান জানান।
যদিও মার্কিন প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন যে যুক্তরাষ্ট্রকে ইসরায়েলের হামলার বিষয়ে আগে থেকেই অবহিত করা হয়েছিল। তবে এই হামলার সাথে ওয়াশিংটনের কোনো সম্পৃক্ততা নেই।
এদিকে পশ্চিমা বিশ্ব ইরানে ইসরায়েলের হামলার সমর্থন জানালেও নিন্দা জানিয়েছে আরব দেশগুলো।