মেক্সিকোতে বাস দুর্ঘটনায় নিহত ১৯

উত্তর আমেরিকার দেশ মেক্সিকোতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১৯ জন নিহতের ঘটনা ঘটেছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৬ জন। স্থানীয় সময় শনিবার (২৬ অক্টোবর) দেশটির মধ্যাঞ্চলীয় জাকাতেকাস প্রদেশের একটি মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

রোববার (২৭ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, শনিবার ভোরে যাত্রী বহনকারী বাসটি একটি ভুট্টা বহনকারী ট্রাক্টর-ট্রেলারের পেছনের অংশে ধাক্কা দিলে ভয়াবহ এই দুর্ঘটনাটি ঘটে। বাসের ধাক্কায় মূলত ট্রাক্টর-ট্রেলারের পেছনের অংশটি আলগা হয়ে গিয়েছিল।

জাকাতেকাস প্রদেশের গভর্নর ডেভিড মনরিয়াল দুর্ঘটনার পরপরই ২৪ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানালেও পরবর্তীতে প্রাদেশিক অ্যাটর্নি জেনারেলের কার্যালয় এক বিবৃতিতে দুর্ঘটনায় নিহতের সংখ্যা সংশোধন করে।

মেক্সিকোর অ্যাটর্নি জেনারেলের কার্যালয় জানিয়েছে যে তারা ট্রাক্টর-ট্রেলারের চালককে গ্রেপ্তারের জন্য তদন্ত চালাচ্ছে। এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক একজন স্থানীয় সরকারি কর্মকর্তা রয়টার্সকে বলেন, শনিবার সকালে দুর্ঘটনার পর উপত্যকায় পড়ে থাকা কিছু মৃতদেহ উদ্ধারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত কিছু ছবিতে দেখা গেছে, উদ্ধারকারী দল এবং সামরিক বাহিনীর সদস্যসহ নিরাপত্তা বাহিনী এলাকাটি ঘিরে রেখেছে এবং উদ্ধারকারীরা মৃতদেহ উদ্ধারে কাজ করছে।

রয়টার্স বলছে, দুর্ঘটনাকবলিত এই বাসটি চিহুয়াহুয়া প্রদেশের মার্কিন-মেক্সিকো সীমান্তবর্তী শহর সিউদাদ জুয়ারেজের দিকে যাচ্ছিল। অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের তথ্য অনুসারে, ক্ষতিগ্রস্তদের মধ্যে কোনও অভিবাসী নেই।