১২ বছর পর ঘরের মাঠে টেস্ট সিরিজ হেরেছে ভারত। গতকাল পুনে টেস্টে নিউজিল্যান্ডের কাছে তারা ১১৩ রানের বড় ব্যবধানে হেরেছে। এরপর কোচ গৌতম গম্ভীরের পুরনো একটি মন্তব্য নতুন করে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ওই ভিডিওতে তিনি সাবেক ভারতীয় কোচ রবি শাস্ত্রীকে তুলোধুনো করেছিলেন।
গত আগস্টে ২৭ বছরের মধ্যে প্রথমবার শ্রীলঙ্কার কাছে ওয়ানডে সিরিজ হেরে প্রধান কোচ হিসেবে গম্ভীরের যাত্রা শুরু হয়। এবার নিউজিল্যান্ডের কাছে হারের পর ঘরের মাঠে টানা ১৮টি টেস্ট সিরিজ জয়ের বিশ্বরেকর্ডে ছেদ পড়ে। ঘরের মাঠে দলের আধিপত্য শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই গম্ভীরের উদ্দেশ্যে চারিদক থেকে ধেয়ে আসছে সমালোচনা। তার ওপর ওই ভিডিও ভাইরাল হওয়ায় গম্ভীরকে ‘দাম্ভিক’ বলে সমালোচনা করছেন অনেকেই।
ভারতের সাবেক প্রধান কোচ রবি শাস্ত্রী সম্পর্কে গম্ভীরের পুরোনো একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেই ভিডিওতে ১৯৮৩ সালের বিশ্বকাপজয়ী ক্রিকেটার রবি শাস্ত্রীর সমালোচনা করে গম্ভীর বলেছিলেন, ‘আমি নিশ্চিত যে, যারা কোনোদিন জিততে পারেনি তারাই এমন বিবৃতি দেয়। অস্ট্রেলিয়ায় বিশ্ব চ্যাম্পিয়নশিপ জয় ছাড়া শাস্ত্রী তার ক্যারিয়ারে আর কী করেছেন? সেটা আমি জানি না।’
গম্ভীর রেগেমেগে আরও বলেছিলেন, ‘আমি মনে করি না যে উনি বিদেশে সিরিজ জিতেছেন। কেউ নিজে কিছু না জিতলে, তখন এই ধরনের কথা বলে। আমি নিশ্চিত যে লোকজন তার কথাকে গুরুত্ব দেবে না। আমি নিশ্চিত যে উনি ক্রিকেটটা যথেষ্ট পরিমাণে দেখেননি। যদি তিনি যথেষ্ট ক্রিকেট দেখেন, তবে এই ধরনের কথা বলতেন না।’
গম্ভীর বলেছেন, ‘ব্যাপারটা খুবই শিশুসুলভ। ৪-১ ব্যবধানে জিতলেই কিন্তু, বলতে পারবেন না যে বিদেশে এটাই সেরা ভারতীয় দল। বরং নম্রভাবে বলা উচিত যে- আমাদের উন্নতি করতে হবে। আমি অন্য লোকেদের ব্যাপারে জানি না, তবে আমি তার বক্তব্যটা গুরুত্ব দিইনি। কারণ, এটা মোটেও পরিপক্কের মত বিবৃতি নয়।’
উল্লেখ্য, শাস্ত্রী ২০১৭ থেকে ২০২১ সাল পর্যন্ত ভারতের প্রধান কোচ ছিলেন। তার আমলে ভারত অস্ট্রেলিয়ার মাটিতে দুই বার টেস্ট সিরিজ জিতেছিল। এর আগে কোনো ভারতীয় দল অস্ট্রেলিয়ায় লাল বলের সিরিজ জিততে পারেনি। গম্ভীর এই বছরের শুরুর দিকে রাহুল দ্রাবিড়ের জায়গায় ভারতীয় দলের কোচ হয়েছেন। তার চাকরির মেয়াদ ২০২৭ সালের ডিসেম্বর পর্যন্ত।