অফসাইডের ফাঁদ পেতে রিয়ালকে বোকা বানান বার্সা কোচ

ভিনিসিয়ুস জুনিয়র, কিলিয়ান এমবাপ্পে এবং জুড বেলিংহাম- সময়ের সেরা আক্রমণভাগ বললে ভুল হবে না। যে কোনো ডিফেন্সকে ধসিয়ে দিতে পারেন এই তিনজন। কিন্তু এমন দুর্ধর্ষ আক্রমণভাগ নিয়েও ঘরের মাঠে বার্সেলোনার কাছে হেরে গেল রিয়াল মাদ্রিদ। বিশ্লেষকেরা বলছেন, বার্সা কোচ হান্সি ফ্লিকের পাতা ফাঁদে পা দিয়েই রিয়ালের এই হাল!

গতকাল রাতে এল ক্লাসিকোয় রিয়ালকে এক হালি গোল দিয়েছে বার্সা। বিপরীতে ম্যাচে ১২ বার অফসাইডের শিকার হতে হয়েছে রিয়ালকে! ফ্লিকের তৈরি করা এই ফাঁদে সবচেয়ে বেশি ৮ বার পা দিয়েছেন এমবাপ্পে। প্রতিবারই তাকে হতাশ হতে হয়েছে। অন্যদিকে বার্সাকে মাত্র একবার অফসাইডের ফাঁদে ফেলতে পেরেছে রিয়াল।

কৌশলের অংশ হিসেবে বার্সার ডিফেন্সলাইন অনেকটাই সামনে ছিল। রিয়ালের মতো দলের বিপক্ষে এটা নিঃসন্দেহ মারাত্মক ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত। কিন্তু এই সিদ্ধান্তের কাছেই হার মানে রিয়াল। ম্যাচজুড়ে রিয়ালকে ফাঁকা জায়গা দিয়ে প্রলুব্ধ করেছে বার্সা। কিন্তু সেগুলো ছিল অফসাইডের ফাঁদ। গত বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে অনেকটা এমন কৌশলই নিয়েছিল সৌদি আরব....

ম্যাচ শেষে অফসাইডের কৌশল স্বীকার করে নেন বার্সা কোচ হান্সি ফ্লিক। তিনি বলেন, ‘আমরা ভালোভাবে শুরু করি। প্রথমার্ধে আমরা ভালো খেলেছি। ডিফেন্স অনেক সামনে ছিল। এটা বিপজ্জনক এবং ঝুঁকিপূর্ণ ছিল। কিন্তু সেটা হয়নি। এটা কাজে লেগেছে।’