নালিতাবাড়ীতে ১৪৪ ধারা জারি

শেরপুরের  নালিতাবাড়ীতে বিএনপির বিক্ষোভ কর্মসূচি ঘিরে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। উপজেলা বিএনপির অভিযোগ হত্যা মামলার আসামিদের নিয়ে সমন্বয় সভা করায় আমরা আজকে বিক্ষোভ কর্মসূচি দিয়েছিলাম। 

প্রশাসনের দাবি নালিতাবাড়িতে বালু উত্তোলন নিয়ে বিএনপি'র  দুই গ্রুপ সমাবেশ ডাকায় আমরা এই নির্দেশনা জারি করেছি। ১৪৪ ধারা জারি করায় নালিতাবাড়ীতে সেনাবাহিনীর টহল অব্যাহত আছে। এই নির্দেশনা থাকবে রাত ১০টা পর্যন্ত।

জানা যায়, শেরপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র হত্যা এবং ঢাকায় নালিতাবাড়ীর গার্মেন্টকর্মী হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানদের নিয়ে উপজেলা হল রুমে গত বৃহস্পতিবার মাসিক সমন্বয় সভা করেন নির্বাহী অফিসার। বিষয়টি পরবর্তীতে বিএনপি নেতারা এবং সাধারণ জনতা জানতে পেরে ক্ষুব্ধ হন। এরই পরিপ্রেক্ষিতে হত্যা মামলার আসামিদের নিয়ে মাসিক সমন্বয় সভা করার প্রতিবাদে ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে আজ রবিবার (২৭ অক্টোবর) বিক্ষোভ কর্মসূচীর ঘোষণা দিয়েছিল নালিতাবাড়ী উপজেলা বিএনপি।  

বিএনপির অভিযোগ, নালিতাবাড়ী উপজেলার নুন্নি ইউনিয়ন, যোগানিয়া ইউনিয়ন, রামচন্দ্রকুরা ইউনিয়নসহ মোট পাঁচটি ইউনিয়নের চেয়ারম্যানদের নিয়ে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মাসিক সমন্বয় সভা করেছিল। হত্যা মামলার আসামিদের নিয়ে একজন সরকারি অফিসার কীভাবে সমন্বয় সভা করতে পারে। 

জেলা বিএনপি’র সহ-সভাপতি ও উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল আমীন জানান, ৫ আগস্টের পর মানুষ বাক স্বাধীনতা ফিরে পেয়েছে। কিন্তু আমরা হত্যা মামলার আসামিদের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ করতে পারিনি। সমন্বয় সভায় কী করে হত্যা মামলার আসামিরা উপস্থিত থাকেন? কেন এখনও পর্যন্ত ওইসব চেয়ারম্যানকে বরখাস্ত করা হয়নি। এসব দাবিতে আমাদের বিক্ষোভ কর্মসূচি ছিল। ১৪৪ ধারা জারি করায় তা বাতিল করা হয়েছে। এ সময় তিনি পুলিশের প্রতি অভিযোগ তুলে আরও বলেন, সম্প্রতি হত্যা মামলার আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। তারপরও পুলিশ তাদের গেপ্তার করছে না।

অন্যদিকে উপজেলা প্রশাসন বলছে, অবৈধভাবে বালির উত্তোলন বন্ধ করার পক্ষে বিপক্ষে বিএনপি'র দুই গ্রুপের নেতারা আজকে বিক্ষোভ কর্মসূচি দিয়েছিল। আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়ার আশঙ্কায় এই নির্দেশনা দেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা জানান, সমন্বয় সভায় যারা উপস্থিত ছিলেন তারা এ কমিটির সদস্য। তারা আদৌ মামলার আসামি কি না বিষয়টি আমার জানা ছিল না। তাদের গ্রেপ্তারের এখতিয়ার পুলিশের। তারা যদি মামলার আসামি হয়ে থাকেন তবে মামলার কপি প্রাপ্তি সাপেক্ষে আমি ব্যবস্থা গ্রহণ করব।

অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক হাফিজা জেসমিন দেশ রূপান্তরকে বলেন, নালিতাবাড়ী উপজেলা নির্বাহী অফিসার আমাকে জানিয়েছে বিএনপি'র দুই গ্রুপের সমাবেশ ঢাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হচ্ছে। তাই আমি আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়ার আশঙ্কায় সেখানে ১৪৪ দ্বারা জারি করেছি।