নিজের মামলায় নিজেই আসামি!

আপডেট : ২৭ অক্টোবর ২০২৪, ০৪:৪১ পিএম

ফেনীর মহিপালে বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনের সময় গুলিবর্ষণ ও হামলার ঘটনায় আহত মহিউদ্দিনের দায়ের করা মামলায় বাদী নিজেই আসামি হয়েছেন। 

মামলার বিবরণে জানা যায়, ফেনীর মহিপালে আন্দোলনের সময় সদর উপজেলার ধলিয়া ইউনিয়নের ধলিয়া গ্রামের মৃত হাফেজ আহম্মেদের ছেলে মহিউদ্দিন আহত হয়। এই ঘটনায় তিনি বাদী হয়ে গত ১৮ অক্টোবর ফেনী মডেল থানায় ১৫৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ২০০/৩০০ জনকে আসামি করে মামলা দায়ের করেন। 

মামলায় আসামিদের তালিকায় তিনি নিজেই ১০১ নম্বর আসামি। এতে নাম, পিতার নাম, উপজেলা, ইউনিয়ন ও গ্রাম একই দেখানো হয়।

মামলায় স্থানীয় চেয়ারম্যান আনোয়ার আহম্মদ মুন্সীকে প্রধান আসামি করে ১৫৫ জনের নাম উল্লেখ করা হয়। এতে আরও ২০০ থেকে ৩০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়।  

মামলায় মহিউদ্দিন উল্লেখ করেন, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনের সময় আসামিরা আগ্নেয়াস্ত্র, রাইফেল, শটগান, এ কে ৪৭ রাইফেল, এম-১৬ , গ্রীনেট , দেশী দামা, তলোয়ার, কুরাইল, হকিস্টিক, লোহার রড়সহ বিপুল পরিমাণ ককটেল নিয়ে আন্দোলনরত ছাত্র জনতার শান্তিপূর্ণ অবস্থানের ওপর অতর্কিত হামলা করে ও এলোপাতাড়ি গুলি করতে থাকে। আসামিদের অর্তকিত বিস্ফোরণ ও গুলিতে আন্দোলনরত কয়েকশতাধিক ছাত্র জনতা আহত হয় এবং বেশ কয়েকজন নিহত হয়। এ সময় গুলি মহিউদ্দিনের ডান হাতের কুনই ও শরীরের নিম্নাঙ্গে লাগে। যাতে তিনি মারাত্মক আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়ে থাকেন। 

বাদী নিজেই আসামি কিনা এ ব্যাপারে জানতে চাইলে মহিউদ্দিন বলেন, উল্লেখিত আসামি অন্য ব্যক্তি। আমার বয়স (৩৪) ও আসামি (৪৮)। অন্যদিকে সবকিছু একই থাকলেও বাড়ির নাম আলাদা। 

ফেনী মডেল থানার মামলার তদন্ত কর্মকর্তা এস আই রুহুল আমিন বলেন, আমি ছুটিতে থাকায় আসামিদের সম্পর্কে বিস্তারিত খোজঁখবর নিতে পারিনি। শ্রীঘ্রই তদন্ত করে দেখব।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত