ঢাবিতে বাহাত্তরের সংবিধানকে লাল কার্ড প্রদর্শন

বাহাত্তরের সংবিধানকে 'বাকশালী সংবিধান' আখ্যা দিয়ে লাল কার্ড দেখিয়েছে ইনকিলাব মঞ্চ নামে একটি সংগঠন।

আজ রবিবার (২৭ অক্টোবর) বিকাল ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে ‘ফ্যাসিবাদের দোসর চুপ্পুকে অপসারণের প্রধান অন্তরায় বাহাত্তরের বাকশালী সংবিধান' বাতিলের দাবিতে লাল কার্ড সমাবেশের আয়োজন করে সংগঠনটি।

সমাবেশে বিভিন্ন ধরণের প্রতিবাদী স্লোগান ও লাল কার্ড প্রদর্শন করা হয়। এ সময় তারা মুজিববাদী সংবিধান- লাল কার্ড লাল কার্ড, স্বৈরাচারের সংবিধান-লাল কার্ড লাল কার্ড, ফ্যাসিবাদের সংবিধান-লাল কার্ড লাল কার্ড, বাকশালী সংবিধান-লাল কার্ড লাল কার্ড, গণবিরোধী সংবিধান- লাল কার্ড লাল কার্ড, শেখ হাসিনার সংবিধান- লাল কার্ড লাল কার্ড, খুনি হাসিনার সংবিধান- লাল কার্ড লাল কার্ড, মুজাববাদ মুর্দাবাদ- ইনকিলাব জিন্দাবাদ, আমার ভাইয়ের রক্ত-বৃথা যেতে দেব না, আবু সাঈদের রক্ত-বৃথা যেতে দেব না সহ অসংখ্য স্লোগান দেন।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদী বলেন, আমরা বিএনপি ও জামায়াতসহ সকল দলকে বলতে চাই , কোনও কারণে বাংলাদেশের সংবিধান কার্যকর আছে। সংবিধানের কোন ধারায় আপনারা সরকারের সাথে সংলাপ করছেন। এই জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছে তারা সবাই এই সংবিধান অনুযায়ী ফাঁসির আসামি। বর্তমানে সংবিধান বাতিলের বিষয়টি রাজনৈতিক ঐকমত্যের বিষয়।

তিনি আরও বলেন, আপনি কোনোভাবে সংবিধানের কোন আইন অমান্য করলে ফাঁসির শাস্তি রয়েছে। তাহলে রাষ্ট্রপতি চুপ্পু কিভাবে ক্ষমতায় থাকে। আধুনিক বিশ্বে যেখানে মানুষ বদলাচ্ছে, পৃথিবী বদলাচ্ছে, তাহলে সংবিধান কেন বদলাবে না। এই সংবিধান প্রধানমন্ত্রীকে একক ক্ষমতা দিয়েছে। তাহলে প্রধানমন্ত্রী কেন ফ্যাসিস্ট হবে না। অবিলম্বে এই সংবিধান বাতিল করতে হবে। বাংলাদেশের ইনসাফ কায়েম না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছেড়ে যাব না।