হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় অভিনেত্রী রাভিনা ট্যান্ডন। শনিবার (২৬ অক্টোবর) নিজের ৫০তম জন্মদিন উদযাপন করা এ অভিনেত্রী ‘মোহরা’, ‘আন্দাজ আপনা আপনা’, ‘দমন’, ‘পাত্থর কে ফুল’, ‘কেজিএফ ২’-এর মতো আইকনিক সিনেমার মাধ্যমে ৩ দশক ধরে দর্শকদের মন জয় করে চলেছেন। পুরো ক্যারিয়ারে আমির খান, শাহরুখ খান, সালমান খান, গোবিন্দর মতো তারকাদের সঙ্গে কাজ করেছেন তিনি।
জন্মদিন উপলক্ষে বলিউড হাঙ্গামাকে সাক্ষাৎকার দিয়েছেন রাভিনা, যেখানে ক্যারিয়ারের নানা দিক উঠে আসে। সাক্ষাৎকারে তিনি শাহরুখ খানের সঙ্গে মজার মুহূর্তের কথা স্মরণ করেন।
জামানা দিওয়ানার ছাড়াও আরও কয়েকটি ছবিতে শাহরুখের সহশিল্পী ছিলেন এ অভিনেত্রী। তার সঙ্গে কাজের অভিজ্ঞতার কথা স্মরণ করে রাভিনা বলেন, ‘শাহরুখ খান খুবই ‘রসিক’, তার সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্তই মজার ছিল।’
শাহরুখ খানের প্রশংসার কথা স্মরণ করে তিনি বলেন, ‘জামানা দিওয়ানার শুটিং এবং এখনো যখনই আমি তার (শাহরুখ খান) সঙ্গে দেখা করি, তিনি আমাকে একটি মজার কথা বলেন। তিনি আমাকে বলেন- আমি অনেক নায়িকার সঙ্গে কাজ করেছি, কিন্তু তোমার গন্ধ সবার সেরা।’ রাভিনা আরও জানান, শাহরুখের বাড়িতে গেলেই তিনি কোন পারফিউম ব্যবহার করেন তা জিজ্ঞাসা করতেন।
রবিনা আরও জানান, শাহরুখ সর্বদা তার সঙ্গে শুটিং উপভোগ করতেন। কারণ তিনি রাভিনার ‘সুগন্ধি’ পছন্দ করতেন।
সম্প্রতি ওটিটিতে মুক্তি পাওয়া রাভিনা ট্যান্ডনের বেশ কিছু কাজ প্রশংসা কুড়িয়েছে। চলতি বছরের মার্চ মাসে মুক্তিপ্রাপ্ত ‘পাটনা শুক্লা’ সিনেমা দর্শকদের আকর্ষণ করে। আগামীতে অক্ষয় কুমারের সঙ্গে বড় পর্দার কমিক এন্টারটেইনার ‘ওয়েলকাম টু দ্য জাঙ্গল’-এ দেখা যাবে রাভিনাকে। এদিকে শাহরুখ খান ব্যস্ত তার পরবর্তী সিনেমা ‘অ্যাকশন থ্রিলার কিং’-এর শুটিং শুরু করার প্রস্তুতিতে।