উপদেষ্টা সাখাওয়াতের মিথ্যা সাক্ষাৎকার প্রচারের দায়ে ইউটিউবার গ্রেপ্তার

পাট ও বস্ত্র এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সাখাওয়াত হোসেনের মিথ্যা ও বানোয়াট সাক্ষাৎকার তৈরি এবং প্রচারের অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রবিবার (২৭ অক্টোবর) ভোরে রাজধানীর খিলগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতের নাম- নাফিস ফুয়াদ ঈশান (২২)।

বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান। তিনি বলেন, গ্রেপ্তারকৃত নাফিস ফুয়াদ ঈশান প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে— সে কোয়ালিটি টিভি নামক অনলাইন ভিত্তিক একটি ইউটিউব চ্যানেল ও কেস টিভি নামক একটি ফেসবুক পেইজের অ্যাডমিন।

জানা যায়, গত ১৬ আগস্ট নাগরিক টিভির ইউটিউব চ্যানেলে প্রচারিত অন্তর্বর্তী সরকারের তৎকালীন স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সাখাওয়াত হোসেনের সাক্ষাৎকারের অংশ বিশেষ কপি করে রাষ্ট্রপতির সঙ্গে একটি মিথ্যা ও বানোয়াট ফোনালাপ তৈরি করে নাফিস। জনমনে বিভ্রান্তি তৈরির উদ্দেশে নাফিস ভিডিওটি ২৪ অক্টোবর তার পরিচালিত কোয়ালিটি টিভি নামক ইউটিউব চ্যানেলে প্রচার করে।

ডিসি মুহাম্মদ তালেবুর রহমান জানান, নাফিস ফুয়াদ ঈশান তার পরিচালিত কোয়ালিটি টিভির মাধ্যমে দীর্ঘদিন ধরে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে অসৎ উদ্দেশে মিথ্যা ও বানোয়াট কনটেন্ট তৈরি করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করে আসছিলো। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।