কেয়ামতের দিন আরশের ছায়া পাবেন যারা

কেয়ামত এক ভয়াবহ ও বিভীষিকাময় দিবসের নাম। ভয়ে সবার অবস্থা হবে বেহুঁশ হওয়ার মতো। এমন কঠিন পরিস্থিতিতেও কিছু মানুষ মহান আল্লাহর আরশের নিচে ছায়া পাবেন। যারা ছায়া পাবেন তাদের বর্ণনা তুলে ধরা হলো। হাদিসে বর্ণিত হয়েছে, হজরত রাসুল (সা.) বলেছেন, যেদিন আল্লাহর রহমতের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, সেদিন সাত ব্যক্তিকে আল্লাহতায়ালা তার নিজের আরশের ছায়ায় আশ্রয় দেবেন। এক. ন্যায়পরায়ণ শাসক। দুই. সেই যুবক, যার জীবন গড়ে উঠেছে আল্লাহর ইবাদতের মাধ্যমে। তিন. সেই ব্যক্তি, যার অন্তর মসজিদের সঙ্গে সম্পৃক্ত থাকে। চার. সেই দুই ব্যক্তি, যারা পরস্পরকে ভালোবাসে আল্লাহর জন্য, একত্র হয় আল্লাহর জন্য এবং পৃথকও হয় আল্লাহর জন্য। পাঁচ. সেই ব্যক্তি, যাকে কোনো উচ্চবংশীয় রূপসী নারী আহ্বান জানায়, কিন্তু সে এই বলে প্রত্যাখ্যান করে যে, ‘আমি আল্লাহকে ভয় করি’। ছয়. সেই ব্যক্তি, যে এমন গোপনে দান করে যে, তার ডান হাত যা দান করে বাম হাত তা জানে না। সাত. সেই ব্যক্তি, যে নির্জনে আল্লাহর জিকির করে, ফলে তার দুচোখ দিয়ে অশ্রুধারা বইতে থাকে। (সহিহ বুখারি) এই হাদিস থেকে শিক্ষা নিয়ে মহান আল্লাহ আমাদেরও আমলগুলো করার তওফিক দান করুন।

গ্রন্থনা : আরাফাত বিন শাহ আলম