দুই যুবদল নেতাকর্মী হত্যা

ইউপি চেয়ারম্যানসহ আ.লীগ ও ছাত্রলীগের ৩ জন গ্রেপ্তার

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে সিরাজগঞ্জে নিহত দুই যুবদল নেতাকর্মী হত্যা মামলায় ইউপি চেয়ারম্যানসহ আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৩ নেতাকর্মীকে পুলিশ গ্রেপ্তার করেছে। 

রবিবার (২৭ অক্টোবর) দুপুরে সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করে বলেন, এদিন দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে শনিবার (২৬ অক্টোবর) গভীর রাতে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। 

গ্রেপ্তারকৃতরা হলেন— সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের চেয়ারম্যান ও সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি শেখ সেলিম রেজা, সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক লিমন এবং শিয়ালকোল ইউনিয়নের শিবনাথপুর গ্রামের বাসিন্দা ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলম শেখ। 

এ বিষয়ে সিরাজগঞ্জ সদর থানার ওসি হুমায়ুন কবির জানান, শনিবার সকালে আলম শেখকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। রাতে শহরের সমাজকল্যাণ মোড়ে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেতা লিমন এবং শাহজাদপুরে অভিযান চালিয়ে ইউপি চেয়ারম্যান শেখ সেলিমকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি আরো জানান, এদের মধ্যে শেখ সেলিম রেজা যুবদল নেতা সোহানুর রহমান রঞ্জু ও লিমন যুবদলকর্মী সুমন হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। এছাড়া রঞ্জু হত্যা মামলার  সন্দেহভাজন আসামি হচ্ছেন আলম শেখ। এদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।