বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার সাবেক দুই কাউন্সিলর

ময়মনসিংহে বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ ময়মনসিংহ সিটি করপোরেশনের সদ্য সাবেক দুই কাউন্সিলরকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (পুলিশ) ডিবি। তারা হলেন মহানগর আওয়ামী লীগের কৃষিবিষয়ক সম্পাদক ও নগরীর ৩২ নম্বর ওয়ার্ডের সদ্য সাবেক কাউন্সিলর আবু বক্কর সিদ্দিক সাগর (৩৮) এবং মহানগর স্বেচ্ছাসেবক লীগের কৃষিবিষয়ক সম্পাদক ও নগরীর ২৫ নম্বর ওয়ার্ডের সদ্য সাবেক কাউন্সিলর ওমর ফারুক সাবাস (৩৭)।

গতকাল রবিবার ভোররাতে তথ্যপ্রযুক্তির সহায়তায় কক্সবাজার সমুদ্র সৈকত এলাকার একটি হোটেল থেকে তাদের আটক করে ডিবি পুলিশ।

পরে দুপুরে ময়মনসিংহ নগরীর দিঘারকান্দা এলাকায় ওয়ার্ড কাউন্সিলর ওমর ফারুক সাবাসের বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় সাবাস তার হেফাজতে থাকা দুই রাউন্ড গুলিসহ একটি বিদেশি পিস্তল বের করে দিলে পুলিশ তা জব্দ করে। জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি সহিদুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে থানায় মামলা রয়েছে। ৫ আগস্টের পর থেকে তারা পলাতক ছিল। এ ছাড়া অস্ত্র উদ্ধার আইনে মামলা প্রক্রিয়াধীন। সোমবার (আজ) দুজনকে আদালতে সোপর্দ করা হবে।