শীতের মৌসুমে ৩ মন্ত্রণালয়ে এসি ব্যবহার না করার নির্দেশনা

বর্তমানে দেশে জ্বালানি সংকট ও বিদ্যুৎ সরবরাহে ঘাটতি রয়েছে। আর এই ঘাটতি পূরণে কিছু নির্দেশনা দেওয়া হয়েছে।

বিদ্যুৎ সাশ্রয়ের জন্য আগামী চার মাস সরকারের তিন মন্ত্রণালয় এবং এর আওতাধীন সংস্থা ও কোম্পানিগুলোতে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) যথাসম্ভব ব্যবহার না করার নির্দেশ দিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

আজ সোমবার জ্বালানি ও বিদ্যুৎ উপদেষ্টার দপ্তরের এক আদেশের মাধ্যমে এ নির্দেশনা প্রদান করা হয়েছে।

এতে বলা হয়, আসন্ন শীত মৌসুমে নভেম্বর থেকে আগামী বছরের ফেব্রুয়ারি পর্যন্ত বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়; সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয় ও তাদের আওতাধীন দপ্তর/সংস্থা/কোম্পানিগুলোতে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের ব্যবহার যথাসম্ভব পরিহার করার নির্দেশ দেওয়া হয়েছে।

এর ফলে সেচের জন্য বিদ্যুৎ সরবরাহ, সার উৎপাদন ও শিল্প কারখানায় গ্যাসের সরবরাহ বাড়ানো সম্ভব হবে বলে নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, ইতঃপূর্বে বিদ্যুতের ব্যবহার ২৫% কমানোর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সকল মন্ত্রণালয়কে সরকার কর্তৃক নির্দেশনা প্রদান করা হয়েছিল। মাননীয় জ্বালানি ও বিদ্যুৎ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এ বিষয়ে সকলের সহযোগিতা কামনা করেছেন।