রিজওয়ান অধিনায়ক হতেই পদত্যাগ করলেন কারস্টেন

দায়িত্ব নেওয়ার মাত্র ছয় মাসের মধ্যে পাকিস্তানের সাদা বলের প্রধান কোচ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন গ্যারি কারস্টেন। ইএসপিএন ক্রিকইনফোর প্রতিবেদন অনুযায়ী, ২০১১ সালে ভারতকে আইসিসি বিশ্বকাপে চ্যাম্পিয়ন করা কারস্টেন ইতোমধ্যেই পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) তার সিদ্ধান্ত জানিয়েছেন।

দক্ষিণ আফ্রিকার সাবেক ওপেনার কারস্টেনকে এ বছরের এপ্রিলে পাকিস্তানের ওয়ানডে এবং টি-টোয়েন্টি দলের কোচ হিসেবে দুই বছরের চুক্তিতে নিয়োগ দেওয়া হয়েছিল। কিন্তু চুক্তিটি এক বছরও স্থায়ী হয়নি।

কারস্টেন এখনও তার পদত্যাগ নিয়ে প্রকাশ্যে কোনো বিবৃতি দেননি। তবে প্রতিবেদনে বলা হয়েছে, অস্ট্রেলিয়া ও জিম্বাবুয়ের আসন্ন সাদা বলের সফরের জন্য পাকিস্তানের দল ঘোষণায় বিলম্ব এবং নতুন সাদা বলের অধিনায়ক নিয়োগ নিয়ে দক্ষিণ আফ্রিকার এই কোচ এবং বোর্ডের মধ্যে তর্ক-বিতর্ক হয়েছিল।

কারস্টেন ও লাল বলের কোচ জেসন গিলেস্পি দুজনেই মোহসিন নকভির নেতৃত্বাধীন পিসিবি-তে খুশি ছিলেন না বলে জানা গেছে। যেহেতু বোর্ড তাদের নির্বাচন ক্ষমতা কেড়ে নিয়েছে, যা এখন সম্পূর্ণরূপে নির্বাচক কমিটির হাতে রয়েছে। এই কমিটিতেও পরিবর্তন আনা হয়েছে। বর্তমানে আইসিসির সাবেক এলিট আম্পায়ার আলিম দার ও সাবেক পেসার আকিব জাভেদকে অন্তর্ভুক্ত করা হয়েছে নির্বাচক প্যানেলে।

রবিবার পাকিস্তান তাদের দল ঘোষণা করে, যেখানে মোহাম্মদ রিজওয়ানকে সাদা বলের নতুন অধিনায়ক এবং সালমান আগাকে তার সহকারী হিসেবে নিযুক্ত করা হয়েছে। বাবর আজম এ বছরের শুরুর দিকে নেতৃত্বে ফিরে পেয়েছিলেন টি-টোয়েন্টিতে, কিন্তু এক বছরেরও কম সময়ের মধ্যে দ্বিতীয়বারের মতো সরে দাঁড়ান। পরে রাওয়ালপিন্ডিতে ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় টেস্টের জন্য দল থেকে বাদ পড়েন।

কারস্টেন পাকিস্তানের হয়ে একটি একদিনের আন্তর্জাতিক ম্যাচ পরিচালনা না করেই চাকরি ছেড়ে দিলেন, কারণ দলটি গত বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের পর থেকে আর কোনো ৫০ ওভারের ম্যাচ খেলেনি। তার মেয়াদকাল শুরু হয়েছিল ইংল্যান্ডে চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ দিয়ে, যেখানে সবুজ জার্সিধারীরা ০-২ ব্যবধানে হেরে যায়। বাকি দুটি ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়।

এরপর আসে আরও হতাশাজনক টি-টোয়েন্টি বিশ্বকাপ, যেখানে ২০০৯ সালের চ্যাম্পিয়ন এবং ২০২২ সালের রানার্স আপ দলটি গ্রুপ পর্বেই বাদ পড়ে, কারণ তারা সহ-আয়োজক যুক্তরাষ্ট্র এবং চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে হেরে যায়।