বার্নাব্যুতে এবার বর্ণবাদের শিকার ইয়ামাল

আপডেট : ২৮ অক্টোবর ২০২৪, ১০:০৪ এএম

এল ক্লাসিকোয় শোচনীয় হারের পর নিজেদের সমর্থকদের আচরণেও লজ্জা পেল রিয়াল মাদ্রিদ। বার্সেলোনার কিশোর তারকা লামিনে ইয়ামাল ও লেফটব্যাক আলেহান্দ্রো বালদে বর্ণবাদী আচরণের শিকার হয়েছেন সান্তিয়াগো বার্নাব্যুতে। 

রিয়াল কর্তৃপক্ষ বিবৃতি দিয়ে ওই ঘটনার নিন্দা জানিয়ে বলেছে, দোষীদের চিহ্নিত করার কাজ শুরু করেছে তারা।

শুধু রিয়াল মাদ্রিদই নয়, লা লিগাও এ ঘটনায় ব্যবস্থা নিতে স্পেনের বর্ণবাদবিরোধী সংস্থার কাছে অভিযোগ করার সিদ্ধান্ত নিয়েছে। স্প্যানিশ সরকারও বর্ণবাদের নতুন এ ঘটনার নিন্দা জানিয়েছে।

এল ক্লাসিকো ইতিহাসে সর্বকনিষ্ঠ গোলদাতার রেকর্ড গড়ার পরই বর্ণবাদের শিকার হন ইয়ামাল। ৭৭ মিনিটে করা সেই গোলের পর ইয়ামাল যখন উদ্‌যাপন করছিলেন, তখন রিয়ালের কিছু সমর্থক গ্যালারি থেকে বার্সা খেলোয়াড়দের উদ্দেশে বর্ণবাদী স্লোগান দিতে শুরু করেন।

রিয়াল মাদ্রি বিবৃতিতে এ ঘটনার নিন্দা জানিয়েছে, ‘রিয়াল মাদ্রিদ ফুটবল ও খেলাধুলায় যেকোনো ধরনের বর্ণবাদ, ভিনদেশি বিদ্বেষ ও সহিংসতার তীব্র নিন্দা জানায়। গতকাল রাতে স্টেডিয়ামে কিছু সমর্থকের তোলা স্লোগানের জন্য আমরা গভীরভাবে দুঃখিত।’

এ ঘটনার তদন্ত শুরু করার ঘোষণাও দিয়েছে রিয়াল, ‘এই ঘৃণিত ঘটনায় জড়িতদের চিহ্নিত করতে রিয়াল মাদ্রিদ তদন্তও শুরু করে দিয়েছে। এ ঘটনায় যাতে যথাযথ বিচার সম্পন্ন করা যায়, আমরা সেই ব্যবস্থাই নেব।’

লা লিগা কর্তৃপক্ষ তাদের বিবৃতিতে বলেছে, ‘লা লিগা বার্সেলোনার খেলোয়াড়দের প্রতি ছুড়ে দেওয়া বর্ণবাদী স্লোগান নিয়ে স্পেনের জাতীয় পুলিশের হেইট ক্রাইম ইউনিটে অভিযোগ করার সিদ্ধান্ত নিয়েছে।’

স্পেনের ক্রীড়া পরিষদ জানিয়েছে, সোমবার এ ঘটনা নিয়ে তারা বৈঠক করবে। স্পেন সরকারের মন্ত্রিসভার সদস্যরাও বর্ণবাদের নতুন এ ঘটনার নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত