বাফুফে সভাপতি হয়েই ফারুক আহমেদকে বার্তা তাবিথ আওয়ালের

রাজনৈতিক পট পরিবর্তনের ফলে দেশের দুই বড় ক্রীড়া ফেডারেশন ক্রিকেট আর ফুটবলে আমূল পরিবর্তন এসেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হয়েছেন ফারুক আহমেদ। অন্যদিকে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নবনির্বাচিত সভাপতি হয়েছেন তাবিথ আউয়াল।

নির্বাচিত হওয়ার একদিন পরই বিসিবি প্রধানকে শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন বাফুফে প্রধান। এক বার্তায় তাবিথ আউয়াল বলেছেন, ‘আমাদের এই নবযাত্রা নিয়ে সবাই খুব উচ্ছসিত এবং একইসঙ্গে আত্মবিশ্বাসী যে, বিসিবির মতো সংস্থার সমর্থনে আমরা ফুটবলের জন্য অভূতপূর্ব সাফল্যের যুগ সূচনা করতে পারব। বিসিবির সমর্থনের প্রতিশ্রুতিকে বাফুফে গুরুত্বসহকারে গ্রহণ করেছে এবং খেলাধুলার উন্নয়নে যৌথ দৃষ্টিভঙ্গি দেশের সমস্ত ক্রীড়াবিদ এবং ক্রীড়াপ্রেমীদের উপকৃত করবে।’

উল্লেখ্য, আগের বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন সুযোগ পেলেই তৎকালীন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনকে আক্রমণ করতেন। পাপনও দিতেন পাল্টা জবাব। যদিও পাপন ক্রীড়ামন্ত্রী হওয়ার পর দুজনের মনোমালিন্য আর থাকেনি।