সাভারে শ্রমিকদের কর্মবিরতি পালন, বন্ধ ৫ কারখানা 

সাভারে টিফিন বিল বৃদ্ধি, আয়রন ভাতা বৃদ্ধি, বিকাশ খরচ ও ঈদ বোনাসসহ বিভিন্ন দাবি আদায়ে কর্মবিরতি পালন করেছে তৈরী পোশাক শ্রমিকরা। সোমবার (২৮ অক্টোবর) সকাল থেকে সাভার পৌরসভার উলাইল কর্ণপাড়া ও গেন্ডা এলাকায় অবস্থিত স্ট্যান্ডার্ড স্টিচেস লিমিটেড কারখানার শ্রমিকরা এই কর্মবিরতি পালন করেন।

কর্মবিরতিতে অংশ নেওয়া শ্রমিক ও শিল্প পুলিশের সাথে কথা বলে জানা যায়, সোমবার সকালে স্ট্যান্ডার্ড স্টিচেস লিমিটেড কারখানার শ্রমিকরা ভেতরে প্রবেশের পর কাজ না করে কর্মবিরতি পালন শুরু করে। এ সময় শ্রমিকরা কারখানা কর্তৃপক্ষের টিফিন বিল ৫০ টাকা, অর্জিত ছুটির টাকা, আয়রন ভাতা বৃদ্ধি, বিকাশ খরচ, ৬ মাসে ঈদ বোনাসসহ বিভিন্ন দাবি জানান। দুপুর পর্যন্ত মালিক পক্ষ শ্রমিকদের দাবির বিষয়ে কোনো সিদ্ধান্ত না জানানোয় শ্রমিকরা উত্তেজিত হয়ে উঠে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে কারখানাটি ছুটি ঘোষণা করা হয়।

অন্যদিকে শ্রমিক অসন্তোষের জেরে আশুলিয়ার নরসিংহপুর এলাকার আঞ্জুমান গার্মেন্টস লিমিটেড কারখানাটি শ্রম আইনের ১৩(১) ধারায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। এ ছাড়া জেনারেশন নেক্সট ফ্যাশন লিমিটেড, সিডকো গ্রুপ, ও মাহমুদ ফ্যাশন লিমিটেড কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
 
আশুলিয়া শিল্প পুলিশ ১ এর পুলিশ সুপার মো. সারোয়ার আলম বলেন, সাভারে স্ট্যান্ডার্ড স্টিচেস লিমিটেড কারখানার শ্রমিকরা বিভিন্ন দাবি আদায়ে কারখানার ভেতরে অবস্থান নিয়ে কর্মবিরতি পালন করেছে। বিষয়টি নিয়ে শ্রমিক প্রতিনিধি, শিল্প পুলিশ ও মালিক পক্ষের সাথে আলোচনা চলছে।

এ দিকে আশুলিয়ার নরসিংহপুর ও জামগড়া এলাকার একটি কারখানা ১৩(১) ধারায় বন্ধ এবং ৩টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এছাড়া শিল্পাঞ্চলের অন্য সকল কারখানা চালু রয়েছে বলেও জানান তিনি।