৭৫তম বর্ষপূর্তি উদযাপন করল কেয়ার বাংলাদেশ

উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ৭৫ বর্ষপূর্তি উদযাপন করেছে আন্তর্জাতিক মানবিক সাহায্য সংস্থা কেয়ার বাংলাদেশ। গতকাল সোমবার র‌্যাডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন হোটেলে জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনব্যাপী উদযাপনের সূচনা হয়। বিকেলে হয় দুটি মতবিনিময় সভা।

কেয়ার বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর রাম দাশ প্রতিষ্ঠানটির সমৃদ্ধ ইতিহাস, বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বিভিন্ন দাতা সংস্থার প্রতিনিধি, উন্নয়ন সহযোগী, অংশীদার, এবং বাংলাদেশ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা বিশেষ অতিথি হিসেবে যোগ দেন।

কেয়ারের প্রেসিডেন্ট এবং সিইও মিশেল নান একটি ভিডিও বার্তায় বলেন, ‘ কেয়ারের সৃজনশীলতা ও উদ্ভাবন আমাদের সামনে এগিয়ে নিয়ে গিয়েছে এমনভাবে, যা পরিবর্তন ঘটানোর অন্যরকম একটি মান স্থাপন করেছে এবং ভবিষ্যতেও করবে।’ 

ইউএসএআইডি-এর মিশন ডিরেক্টর রিড এসলিম্যান বলেন, ‘ইউএসএআইডি কেয়ার বাংলাদেশের সঙ্গে এই অসাধারণ যাত্রায় অংশীদার হতে পেরে গর্বিত। উন্নয়নের অংশীদার হিসেবে, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য পথ সুগম করার একটি অনন্য সুযোগ রয়েছে যা কেবল টেকসই অংশীদারিত্বের মাধ্যমে সম্ভব।’

এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক মো. সাইদুর রহমান বলেন, ‘কেয়ারের কাজ এবং এর আইকনিক যানবাহন বাংলাদেশে উন্নয়নের প্রতি তাদের দীর্ঘস্থায়ী প্রতিশ্রুতির প্রতীক।’