প্রথম টেস্ট সেঞ্চুরি করে চেলসি তারকার মতো উদযাপন জর্জির

চট্টগ্রামের ব্যাটিং স্বর্গে বাংলাদেশি বোলাররা যেন বল করাই ভুলে গেছেন! দিনের দুই সেশনে অর্জন মাত্র একটি উইকেট। সেটাও এইডেন মার্করাম আলগা শট না খেললে পাওয়া হতো না তাইজুলের। টাইগারদের নির্বিষ বোলিং সামলে সেঞ্চুরি করেছেন ডি জর্জি। প্রোটিয়ারা ছুটছে রানপাহাড়ের দিকে।

দক্ষিণ আফ্রিকার ২৭ বছর বয়সী ওপেনার ডি জর্জির এই মাত্র ৮ম টেস্ট। সুযোগটা তিনি মিস করেননি, ১৪৬ বল খেলে ৮ চার ও ২ ছক্কায় তুলে নিয়েছেন ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। তার ব্যতিক্রমী উদযাপনেই ফুটে উঠছিল, কতটা কাঙ্ক্ষিত ছিল তার এই মাইলফলক। অনেকটা চেলসির ইংলিশ উইঙ্গার কোল পালমারের গোল উদযাপনের মতো ছিল তার এই উদযাপন।চেলসির ইংলিশ উইঙ্গার কোল পালমার এভাবেই গোল উদযাপন করেন।

অন্যদিকে ১০৭ বলে ফিফটি পূর্ণ করেছেন ট্রিস্টান স্টাবস। পঞ্চম টেস্টে এটা তার দ্বিতীয় ফিফটি। আগেরটি ছিল গত অগাস্টে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে। এই রিপোর্ট লেখা পর্যন্ত ৫৭ ওভারে প্রোটিয়াদের সংগ্রহ ১ উইকেটে ২০৮ রান। স্টাবস আর জর্জির আবিচ্ছিন্ন জুটিতে এসেছে ১৩৯ রান।