প্রধান বিচারপতির সঙ্গে ভলকার টুর্কের সাক্ষাৎ

প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার টুর্ক। আজ মঙ্গলবার বেলা তিনটার দিকে ভলকার টুর্কের নেতৃত্বে ছয়জনের একটি প্রতিনিধি দল সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

প্রধান বিচারপতির কার্যালয়ে প্রায় ৪০ মিনিট সাক্ষাৎ শেষে তারা বেরিয়ে আসেন। সুপ্রিম কোর্ট প্রশাসন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ভলকার টুর্ক বাংলাদেশের বিচার বিভাগের আধুনিকায়নে প্রধান বিচারপতির ঘোষিত রোডম্যাপের প্রশংসা করেছেন এবং বিচার বিভাগের স্বাধীনতা প্রতিষ্ঠানিকীকরণে প্রধান বিচারপতি কর্তৃক গৃহিত বিভিন্ন উদ্যোগের সফলতা কামনা করেন। বিশেষ করে বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় প্রতিষ্ঠা, উচ্চ আদালতে বিচারক নিয়োগে স্বাধীন কমিশন গঠন দেশে সুশাসন নিশ্চিতকরনে কার্যকর ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

ভলকার টুর্কের প্রতিনিধি দলে আরও ছিলেন বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গুয়েন লুইস, বাংলাদেশে ইউএনআরসি অফিসের সিনিয়র হিউম্যান রাইটস অ্যাডভাইসর হুমা খান প্রমুখ।

প্রসঙ্গত, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার টুর্ক আজ মঙ্গলবার সকালে দুদিনের সফরে বাংলাদেশে আসেন।