নামের মিল থাকায় ৪ মাস কারাভোগ, ৩০ লাখে আপস

আপডেট : ২৩ জুলাই ২০২৬, ০২:৩৭ পিএম

চেক ডিজঅনার মামলায় নামের মিল থাকায় ভুল আসামি হয়ে প্রায় চার মাস কারাভোগের পর ভুক্তভোগী মামুন মিয়াকে ৩০ লাখ টাকা ক্ষতিপূরণ দিয়ে আপস করেছে বাদীপক্ষ।

আদালত সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৩ জুলাই) ঢাকার চতুর্থ যুগ্ম মহানগর দায়রা জজ তানিয়া সুলতানা লিপির আদালতে উভয় পক্ষ আপস-মীমাংসার নথি জমা দিলে আদালত তা গ্রহণ করেন। 

বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মিয়া ইব্রাহিম খলিল অপু এবং ভুক্তভোগী মামুন মিয়ার আইনজীবী অ্যাডভোকেট সাদেকুল ইসলাম ভূঁইয়া জাদু।

ভুক্তভোগীর আইনজীবী অ্যাডভোকেট সাদেকুল ইসলাম ভূঁইয়া জাদু বলেন, বিশ্বাস পোল্ট্রি অ্যান্ড ফিস ফিডস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নিঃশর্তভাবে দুঃখ প্রকাশ করেছেন এবং ক্ষতিপূরণ দিয়েছেন। ভবিষ্যতে এ ধরনের ভুল আর হবে না বলে আশ্বাস দেওয়ায় অভিযোগ প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মামলার নথি অনুযায়ী, ২০১৯ সালে ৩২ লাখ টাকার একটি চেক ডিজঅনার হওয়ার ঘটনায় নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস আইনের ১৩৮ ধারায় মামলা করা হয়। বিচার শেষে ২০২৫ সালের ২৯ জুন আদালত এক ব্যক্তিকে এক বছরের কারাদণ্ড ও ৩২ লাখ টাকা অর্থদণ্ড দেন। পরবর্তীতে, ২০২৬ সালের ৫ ফেব্রুয়ারি নামের মিল থাকার কারণে নরসিংদীর শিবপুরের নিরীহ যুবক মামুন মিয়াকে গ্রেপ্তার করা হয়।

মামুন মিয়া নিজেকে নির্দোষ দাবি করলে আদালত নরসিংদীর শিবপুর মডেল থানাকে বিষয়টি তদন্তের নির্দেশ দেন। তদন্তে বেরিয়ে আসে যে, কারাগারে থাকা মামুন মিয়া প্রকৃত আসামি নন।

তদন্ত প্রতিবেদন পাওয়ার পর আদালত গত ১৯ মে ২০২৬ তারিখে মামুন মিয়াকে মামলা থেকে অব্যাহতি দেন এবং তিনি ২০ মে ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) থেকে মুক্তি পান।

বিনা দোষে প্রায় চার মাস কারাভোগের পর মামুন মিয়া দায়ীদের বিরুদ্ধে আদালতে অভিযোগ করেন। এর পরিপ্রেক্ষিতে মামলার বাদীপক্ষ তার কাছে নিঃশর্ত ক্ষমা চায় এবং ৩০ লাখ টাকা ক্ষতিপূরণ দিয়ে পুরো বিষয়টি আপস-মীমাংসার মাধ্যমে নিষ্পত্তি করে।

প্রতিষ্ঠানটির প্রতিনিধি মাকসুদুল হক ওয়ালিদ বলেন, কয়েকজন কর্মকর্তার ভুলের কারণে এ অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। এরইমধ্যে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তাদের সাময়িকভাবে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আদালতের পরামর্শে উভয় পক্ষ সমঝোতায় পৌঁছেছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত