শরীয়তপুরে ইলিশ রক্ষা অভিযানে হামলা, মৎস্য বিভাগের ৮ কর্মী আহত

শরীয়তপুরের জাজিরায় মা ইলিশ রক্ষা অভিযানে গিয়ে দুর্বৃত্তদের হামলায় মৎস্য বিভাগের ৮ কর্মী আহত হয়েছেন। এদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর। মঙ্গলবার (২৯ অক্টোবর) রাতে উপজেলার বাবুরচর এলাকার পদ্মা নদীতে এ হামলার ঘটনা ঘটে।

আহতরা হলেন—জাজিরা উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী রিয়াদ (২৮), চালক মো. সাগর (৩০), স্পিডবোট চালক সেকেন্দার হোসাইন (২৯), তাদের সহযোগী হাবিব (২২), জিল্লুর রহমান (৪৫), মুশফিকুর রহমান (২৭), জামিল হোসেন (২৮) ও সেকান্দার হোসেন (৩৫)।

উপজেলা মৎস্য কর্মকর্তা রেজাউল শরীফ জানান, জেলেরা যাতে নদীতে মাছ ধরতে না নামে সেজন্য মঙ্গলবার রাতে জাজিরার সিডারচরে একটি স্পিডবোট, বাবুরচরে দুটি স্পিডবোট ও চরাত্রায় একটি স্পিডবোটে মৎস্য বিভাগের লোকজন অভিযানে দায়িত্বরত অবস্থায় ছিল। হঠাৎ করে ১৮-২০টি ইঞ্জিনচালিত নৌকায় করে লোকজন এসে বাবুরচরের দুটি স্পিডবোটে হামলা চালায়। তখন দেশীয় অস্ত্র ও লগি-বইঠা দিয়ে কুপিয়ে ও পিটিয়ে মৎস্য বিভাগের ৮ কর্মীকে আহত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে জানতে পেরে নড়িয়া উপজেলা মৎস্য কর্মকর্তা জাকির হোসেনসহ মৎস্য বিভাগের লোকজন গিয়ে তাদের উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠিয়েছেন।

জেলা মৎস্য কর্মকর্তা হাদিউজ্জামান বলেন, ‘হামলার বিষয়ে মৎস্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছি। জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে জানাবো। পরে তদন্ত অনুযায়ী ব্যবস্থা নেব।’  

তিনি আরও বলেন, ‘অভিযান কঠোর হচ্ছে, তাই তারা উগ্র হয়ে আমাদের ওপর হামলা চালাচ্ছে। তবে আমাদের অভিযান অব্যাহত থাকবে।’