মৌসুমীর সবচেয়ে ভালো বন্ধু তিনি

চিত্রনায়ক ওমর সানী ও চিত্রনায়িকা মৌসুমী দম্পতির মেয়ে ফাইজা। ২০২১ সালে মেয়ে ফাইজাকে নিয়ে যুক্তরাষ্ট্রে গিয়েছেন চিত্রনায়িকা মৌসুমী। ফাইজা যুক্তরাষ্ট্রের নাগরিক। ফাইজা যুক্তরাষ্ট্রে থাকছেন, তাই মৌসুমীও সেখানেই থাকছেন। 

মা ও মেয়ে দুজনই যুক্তরাষ্ট্রে আর বাবা ও ছেলে ফারদিন দুজনই দেশে থাকছেন। মৌসুমীর সঙ্গে এখন একমাত্র মেয়ে ফাইজা। শুধু তাই নয়, মৌসুমী মেয়েকে নিজের একমাত্র বন্ধুও ভাবেন। আর এই কথাটিই জানান দিলেন সামাজিক যোগাযোগমাধ্যমে। ইনস্টাগ্রাম হ্যান্ডেলে মৌসুমী জানালেন তার সবচেয়ে ভালো বন্ধু ফাইজা। 

দুজনের একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘সে আমার সবচেয়ে ভালো বন্ধু। আমি নিশ্চিত নই যে আমার জীবনে তার প্রাপ্যতার জন্য কী করেছি, কিন্তু আমি প্রতিটি দিন সৃষ্টিকর্তাকে তার জন্য ধন্যবাদ দিই। সে সত্যিই বিস্ময়কর, ভালোবাসায়পূর্ণ, শক্তিশালী এবং ক্ষমাপূর্ণ হৃদয়। আমি তাকে ছাড়া আমার জীবন কল্পনা করতে পারি না, আমি তাকে খুব ভালোবাসি।’

মৌসুমী কেন যুক্তরাষ্ট্রে থাকছেন সে কথার ব্যাখ্যা দিয়েছেন ওমর সানী। কিছুদিন আগে এ নায়ক বলেন, ‘অনেকে বলে যে আমার মেয়ে বড় হয়েছে, ২১ বছরে সে আমেরিকার সিটিজেন হয়ে গিয়েছে, এখন সেখানে মৌসুমীর থেকে কী হবে, কিন্তু দিন শেষে আমি কিন্তু একজন বাঙালি বাবা। আমার কাছে আমার মেয়ে এখনো বাচ্চা। নিরাপত্তার জায়গা থেকেও মনে হয়েছে মৌসুমীর সেখানে থাকাটা বেশি গুরুত্বপূর্ণ। এই ২৯ বছর তো আমার সঙ্গে থাকল।’

মৌসুমী-সানি বড় পর্দায় একসঙ্গে প্রথম দেখা দেন ‘দোলা’ সিনেমায়। এরপর তাদের ‘আত্ম-অহংকার’, ‘প্রথম প্রেম’, ‘মুক্তির সংগ্রাম’, ‘হারানো প্রেম’, ‘গরীবের রানী’, ‘প্রিয় তুমি’, ‘ঘাত-প্রতিঘাত’, ‘সুখের স্বর্গ’, ‘মিথ্যা অহংকার’সহ অসংখ্য সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছেন তারা।