বগুড়ার শেরপুর পৌরসভার রাস্তায় মানুষ ও যানবাহনের চলাচল স্বাভাবিক রাখতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। বুধবার (৩০ অক্টোবর) বেলা ১২টায় পৌর এলাকার বিভিন্ন স্থানে আদালত পরিচালনা করে অর্থদণ্ড এবং নির্মাণ সামগ্রী জব্দ করেন শেরপুর উপজেলার সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস.এম রেজাউল করিম।
এ সময় শেরপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. ফয়জুল ইসলামসহ বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালীন সময়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ ও শেরপুর থানা পুলিশের সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।
শেরপুর পৌরসভা সূত্রে জানা যায়, বেশ কিছুদিন যাবৎ পৌর শহরের রাস্তায় ও ঢাকা বগুড়া মহাসড়কের পাশে অবৈধভাবে নির্মাণ সামগ্রী ও ট্রাক ভ্যান রেখে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছিল। সাধারণ মানুষ ও যানবাহনের চলাচল স্বাভাবিক রাখার জন্য এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এ সময় ১৬ হাজার টাকা অর্থদণ্ড ও ৪৫০ সিএফটি বালু ও ২০ সিএফটি খোয়া জব্দ করা হয়।
এ বিষয়ে শেরপুর উপজেলার সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস.এম রেজাউল করিম দেশ রূপান্তরকে বলেন, পৌর শহরের আঞ্চলিক ও মহাসড়ক প্রতিবন্ধকতা মুক্ত রাখতে আমরা কাজ করছি। আগামাী সোমবার থেকে ব্যাপক পরিসরে অভিযান পরিচালনা করা হবে। নিজ দায়িত্বে প্রতিবন্ধকতা অপসারণ করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি।