সাত কলেজ

দাবি না মানলে রবিবার থেকে গণঅনশন

টানা ছয় ঘণ্টা রাজধানীর সায়েন্সল্যাব মোড় অবরোধ করে রাখার পর আজকের মতো কর্মসূচি প্রত্যাহার করেছেন সাত কলেজের শিক্ষার্থীরা। স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা। দাবি না মানলে আগামী রবিবার থেকে গণঅনশনের কর্মসূচির কথা জানিয়েছেন আন্দোলনকারীরা।

আজ বুধবার (৩০ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে আন্দোলনের সংগঠক আব্দুর রহমান আজকের মতো আন্দোলন কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা করেন।

এর আগে বেলা ১১টা থেকে তারা সায়েন্সল্যাব মোড়ে ব্লকেড কর্মসূচি শুরু করেন তারা। অবরোধ কর্মসূচির কারণে সকাল থেকেই মিরপুর রোড, নিউমার্কেট এলাকা, কাঁটাবন সড়ক, কাজী নজরুল অ্যাভিনিউসহ ঢাকার বিভিন্ন সড়কে যানজট তৈরি হয়।

এদিকে রাস্তা আটকে জনদুর্ভোগ তৈরি না করে আন্দোলনরত শিক্ষার্থীদের ধৈর্য ধরতে ও শিক্ষাঙ্গনে ফিরে যেতে অনুরোধ করেন শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ।

এক বিবৃতিতে তিনি বলেন, রাস্তায় শিক্ষার্থীদের অবরোধ, আন্দোলন ও আলটিমেটামের মাধ্যমে একটি নতুন বিশ্ববিদ্যালয় গঠনের তাৎক্ষণিক সিদ্ধান্ত দেওয়ার কোনো নজির কোথাও নেই।