বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভোলার মোড় সংলগ্ন বরিশাল কুয়াকাটা মহাসড়কে রাস্তা পারাপারের সময় বাসচাপায় মাইশা ফৌজিয়া মিম নামে এক ছাত্রী নিহত হয়েছেন। বুধবার (৩০ অক্টোবর) রাত সাড়ে নয়টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত মাইশা ফৌজিয়া মিম বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মোহাম্মদ সাকিবুল ইসলাম তার মৃত্যুর বিষয়টি দেশ রূপান্তরকে নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শী এক ফলের দোকানী বলেন, গাড়ির গতি অনেক বেশি ছিল। মেয়েটি হাত উঁচিয়ে রাস্তা পার হচ্ছিলেন। কিন্তু বাসটি মেয়ের ওপর অর্তকিতভাবে উঠিয়ে দিয়ে চলে যায়। মেয়েটি গাড়ির দুই চাকার মাঝখানে পড়ে যায়। কিন্তু গাড়িটি থামায়নি। পরে লোকজন এসে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
জানা যায়, নারায়ণগঞ্জ ট্রাভেলস নামে কুয়াকাটা থেকে বরিশালগামী বাসটি ওই শিক্ষার্থীকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। পরে শিক্ষার্থীরা সেরনিয়াবাত সেতুর টোলে বাসটিকে আটক করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিয়ে আসে।
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মোহাম্মদ সাকিবুল হাসান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মেয়েটিকে আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।