সাফ চ্যাম্পিয়ন নারী ফুটবল দলকে প্রধান উপদেষ্টার অভিনন্দন

টানা দ্বিতীয়বারের মতো সাফ চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ নারী ফুটবল দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (৩০ অক্টোবর) রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় অভিনন্দন জানান তিনি।

বিবৃতিতে প্রধান উপদেষ্টা বলেন, আমাদের নারী ফুটবল দলের বিরাট অর্জন। আমি তোমাদেরকে নিয়ে গর্বিত। পুরো জাতি তোমাদের নিয়ে গর্বিত। অভিনন্দন সেসব খেলোয়াড়দের যারা আমাদের এই গৌরব এনে দিয়েছেন।

বুধবার দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে স্বাগতিক নেপালের হাজার হাজার দর্শককে স্তব্ধ করে টানা দ্বিতীয় বারের মতো নারীদের সাফে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ নারী দল। ম্যাচে নেপালকে ২-১ গোলে হারিয়েছে সাবিনা খাতুনের দল। এর আগে ২০২২ সালেও নেপালকে হারিয়েই বাংলাদেশের মেয়েরা প্রথমবারের মতো দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব পেয়েছিল।