পাপন মল্লিক নাদেলশূন্য বিসিবি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ১৪ জন পরিচালকের পদ শূন্য ঘোষণা করা হয়েছে। বুধবার বিসিবি পরিচালকদের ১৫তম বোর্ড সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এই ১৪ জনের ভেতর ৩ জন পদত্যাগ করেছেন, বাকি ১১ জন পরিচালক পরপর ৩টি বোর্ড সভায় অনুপস্থিত থাকায় বিসিবির গঠনতন্ত্রের ১৫.২ ধারা মোতাবেক পদ হারিয়েছেন। একই সভায় আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগের একাদশ সংস্করণের তারিখ ঘোষণা করা হয়েছে।

জাতীয় ক্রীড়া পরিষদ থেকে ২৮ অক্টোবর বিসিবি বরাবর প্রেরিত একটি চিঠিতে গঠনতন্ত্রের ১৫.২ ধারা অনুযায়ী কতটি পদ শূন্য/অবসান হয়েছে তা জানানোর জন্য এবং শূন্য পদ পূরণে কী ব্যবস্থা নেওয়া হয়েছে তা জানানোর অনুরোধ করা হয়। একই সঙ্গে চলতি মেয়াদে কোন কোন পরিচালক পরপর কতটি সভায় (তারিখসহ) অনুপস্থিত আছেন/ছিলেন তা জানাতে অনুরোধ করা হয়। ৩০ অক্টোবরের বোর্ড সভায় বিসিবি ১৪ জন পরিচালকের পদ শূন্য ঘোষণা করা হয়। এদের মধ্যে ৩ জন পরিচালকÑ নাঈমুর রহমান দুর্জয়, খালেদ মাহমুদ ও এনায়েত হোসেন সিরাজ পদত্যাগ করেছেন। বুধবারের বোর্ড সভায় তাদের পদত্যাগপত্র গৃহীত হয়। তিন বা তার বেশি বোর্ড সভায় অনুপস্থিত থাকার কারণে বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী পদ অবসায়ন করা হয়েছে ১১ জনের। তারা হচ্ছেনÑ নাজমুল হাসান, মনজুর কাদের, আ জ ম নাসির উদ্দিন, শেখ সোহেল, অ্যাডভোকেট আনওয়ার উল ইসলাম, শফিউল আলম চৌধুরি নাদেল, ইসমাঈল হায়দার মল্লিক, তানভীর আহমেদ টিটো, গাজী গোলাম মোর্তজা, ওবায়েদ রশীদ নিজাম ও নজীব আহমেদ। বরিশাল বিভাগ থেকে নির্বাচিত পরিচালক আলমগীর হোসেন আলো এই বছর ১৯ জুন মৃত্যুবরণ করেন, তার মৃত্যুর পর থেকে পদটি শূন্য ছিল। ফলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ২৫ সদস্যের পরিচালনা পরিষদে এখন ১৫টি পদ শূন্য।

নাজমুল আবেদীন ফাহিমকে আহ্বায়ক করে একটি সংবিধান সংস্কার কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি বিসিবির বর্তমান গঠনতন্ত্র মূল্যায়ন, উন্নতির জায়গা এবং বিসিবির কৌশলগত লক্ষ্য ও ক্রমবিকাশমান চাহিদাগুলোর ওপর ভিত্তি করে প্রয়োজনীয় সংস্কারের সুপারিশ করবে।

৩০ ডিসেম্বর শুরু হবে বিপিএল, ফাইনাল হবে ৭ ফেব্রুয়ারি।