চট্টগ্রামে আলোচিত সাবেক ইউপি সদস্য গ্রেপ্তার

চট্টগ্রামের আনোয়ারায় দশ ট্রাক অস্ত্র মামলাসহ একাধিক মামলার আসামি নুরুল আবছারকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার উত্তর বন্দর গ্রামের খোট্টাপাড়ার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

নুরুল আবছার উপজেলার বৈরাগ ইউনিয়নের উত্তর বন্দর গ্রামের জাফর আহমদের ছেলে ও বৈরাগ ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য।

অভিযোগ রয়েছে,প্রভাবশালীদের মদদে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল),ডাই অ্যামোনিয়া ফসফেট (ডিএপি) ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড,কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো), কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোন (কেইপিজেড),ইউনাইটেড পাওয়ার প্ল্যান্টসহ বিভিন্ন প্রতিষ্ঠানে প্রভাব বিস্তার করে একক ব্যবসা নিয়ন্ত্রণ করতেন। এছাড়া মাদক ব্যবসায় জড়িত বলেও এলাকায় কানাঘুষা রয়েছে।

পুলিশ জানায়,তার বিরুদ্ধে বহুল আলোচিত দশ ট্রাক অস্ত্র মামলাসহ আনোয়ারা, কর্ণফুলী, চান্দগাঁও, পাঁচলাইশ থানায় একাধিক মামলা রয়েছে।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মনির হোসেন বলেন,গ্রেপ্তার নুরুল আবছারের বিরুদ্ধে একাধিক মামলা আছে। তাকে আদালতে পাঠানো হয়েছে।